সিরিয়ায় ৫৭ জঙ্গি নিহত
সিরিয়ায় আল কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট নুসরা ফ্রন্টের ৫৭ বিদ্রোহী-জঙ্গিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী।
বৃহস্পতিবার নুসরা ফ্রন্টের সদস্যরা আল-কালামুন অঞ্চলে অনুপ্রবেশের চেষ্টা চালালে সিরীয় বাহিনীর হামলার মুখে পড়ে।
অঞ্চলটি রাজধানী দামেস্ক’র উত্তরে অবস্থিত।
চলতি বছরের প্রথমভাগে লেবাননের সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হেজবুল্লাহ’র সহায়তায় সিরীয় বাহিনী আল-কালামুন অঞ্চলের সব শহর ও গ্রাম থেকে এই উগ্র মৌলবাদী গোষ্ঠীটির সদস্যদের বিতাড়িত করতে সক্ষম হয়েছিল।
এই অঞ্চলের সঙ্গে লেবাননের সীমান্ত রয়েছে।
সশস্ত্র এই বিদ্রোহী-জঙ্গি গোষ্ঠী নুসরা ফ্রন্টের সদস্যরা আল-কালামুনের অনুর্বর পাহাড়ি অঞ্চলে আস্তানা গেড়ে সম্প্রতি ছোট পরিসরে হামলা শুরু করেছিল। কিন্তু সিরীয় বাহিনী তাদের সব আস্তানা গুঁড়িয়ে দিয়েছে।
সিরীয় বাহিনী দেশটিতে বিভিন্ন বিদ্রোহী-জঙ্গি গোষ্ঠীর সঙ্গে বিরামহীন লড়াই চালিয়ে যাচ্ছে। এসব গোষ্ঠীর মধ্যে আল কায়েদার সঙ্গে সম্পর্কিত গোষ্ঠীও রয়েছে।
২০১১ সালের মার্চ থেকে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। এই গৃহযুদ্ধে এ পর্যন্ত প্রায় ২ লাখ মানুষের মৃত্যু হয়েছে।
