ইয়েমেনে আত্মঘাতী হামলায় নিহত ৬৭
ইয়েমেনের রাজধানীতে একটি এলাকায় এক আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরকভর্তি বেল্টের বিস্ফোরণে অন্তত ৬৭ জন নিহত হয়েছে।
এলাকাটিতে শক্তিশালী শিয়া মুসলিম হাউথি মুভমেন্ট সমাবেশ করার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন চিকিৎসক এবং প্রত্যক্ষদর্শীরা।
রাজধানী সানায় হাউথিদের একটি তল্লাশিকেন্দ্রে হামলায় ৪ শিশুসহ অন্তত ৪৭ জন নিহত হয়।
বৃহস্পতিবার পৃথক আরেকটি ঘটনায় দেশের পূর্বাঞ্চলে গাড়িবোমা হামলা এবং বন্দুকযুদ্ধে নিহত হয়েছে অন্তত ২০ সেনা। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা এ খবর জানিয়েছে।
হাউথি এবং প্রেসিডেন্ট আবদ-রাব্বু মনসুরের কাছে প্রধানমন্ত্রী আহমেদ আওয়াদ বিন মুবারকের পদত্যাগের পরপরই এ হামলা হল।
সানার কেন্দ্রস্থলে তাহরির স্কয়ারের কাছে স্থানীয় একটি ব্যাংক পাহারায় থাকা এক পুলিশ জানায়, আত্মঘাতী বোমার বেল্ট পরা একজন হাউথি তল্লাশিকেন্দ্রের দিকে এগিয়ে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ঘটনাস্থলে মানুষজনের ছিন্নবিচ্ছিন্ন দেহ পড়ে থাকতে দেখা গেছে।
