‘লাইবেরিয়ায় ইবোলার প্রকোপ কমে আসছে’
পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ইবোলার প্রাদুর্ভাব কমে আসার প্রাথমিক লক্ষণ দেখা গেছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ইলেন জনসন সার্লিফ।
বুধবার উত্তর লাইবেরিয়ার প্রত্যন্ত এক গ্রামাঞ্চল পরিদর্শনে গিয়ে তিনি এ দাবি জানান।
এ সময় লাইবেরিয়ায় ইবোলা প্রাদুর্ভাবের সঙ্গে লড়াই করার জন্য পাঠানো আন্তর্জাতিক ত্রাণের ধীরগতি নিয়ে অভিযোগ করেন তিনি।
ওই পরিদর্শনের সময় সার্লিফ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ভাইরাসটিকে পরাজিত করা যাবে এমন আশ্বাস তিনি তার জনগণকে দিতে চান।
তবে সার্লিফের এই আশাবাদ সত্বেও ওই একই দিন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, মহামারীটিকে নিয়ন্ত্রণে আনা গেছে এমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি।
মস্তিষ্কের প্রদাহজনিত এই সংক্রমণ জ্বরটির কোনো প্রমাণিত চিকিৎসা নেই।
এই রোগে ভুগে পশ্চিম আফ্রিকার চারটি দেশের আক্রান্ত ৮ হাজার মানুষের মধ্যে প্রায় ৩৯০০ জন মানুষ মারা গেছেন।
এদের মধ্যে অর্ধেকই লাইবেরিয়ায় মারা গেছেন।
১৯৮৯-৯০ সালের গৃহযুদ্ধে দেশটির স্বাস্থ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছিল। এতদিনেও সেই ক্ষতি কাটিয়ে উঠতে না পারার মূল্য দিতে হচ্ছে দেশটিকে।
আগামী মাসে প্রায় ২০ হাজার মানুষ ইবোলায় আক্রান্ত হতে পারেন ডব্লিউএইচও’র এমন সতর্ক বার্তা উড়িয়ে দিয়েছেন সার্লিফ।
তিনি বলেছেন, মৃতের শরীর হাত দিয়ে গোসল করানোর মতো ঐতিহ্যবাহী প্রথার কারণে লাইবেরিয়ায় ইবোলার এত বিস্তার ঘটেছে।
তিনি জানান, এ বিষয়ে একটি শিক্ষামূলক প্রচারণা চালানোর ফলে ঐতিহ্যবাহী এসব প্রথার অনুসরণ নিয়ন্ত্রিত হয়ে আসছে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ইবোলা চিকিৎসা কেন্দ্রগুলো যাদের ইবোলা আছে বলে চিহ্নিত করেছে, চিকিৎসা কেন্দ্রগুলোর খালি শয্যা, কবর দেয়া মৃতের সংখ্যা, এসব বিষয় বিচার করে আমাদের মনে হয়েছে ইবোলার প্রকোপ কিছুটা কমে এসেছে।”
তিনি কোনো নির্দিষ্ট সংখ্যার উল্লেখ না করলেও এবং কিছু ইবোলা রোগী চোখের আড়ালে রয়ে গেছে এটি স্বীকার করলেও জোর দিয়ে বলেন, “আমরা এখনও বিশ্বাস করি অবস্থা ভাল হয়ে উঠছে। আমরা সতর্কভাবেই আশাবাদী।”
