কোবানিতে আইএস-কুর্দি তুমুল লড়াই
সিরিয়ার সীমান্ত শহর কোবানিতে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের সঙ্গে কুর্দি যোদ্ধাদের তুমুল বন্দুকযুদ্ধ চলছে।
যুক্তরাষ্ট্রের-নেতৃত্বাধীন জোটের বিমান হামলা চলার মধ্যে এ লড়াই চলছে। লড়াইক্ষেত্র থেকে বিবিসি সংবাদদাতা বলেছেন, বহু অস্ত্রের গোলাগুলি চলছে। একইসঙ্গে চলছে গ্রেনেড বিস্ফোরণ।
যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড তাদের সর্বশেষ প্রতিবেদনে বলেছে, কোবানির চারপাশে ছয়টি বিমান হামলায় আইএস এর অস্ত্রশস্ত্র ধ্বংস হয়েছে।
সিরিয়া বিষয়ক জাতিসংঘ দূত শহরটিকে আইএস এর কাছ থেকে রক্ষা করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে।
কোবানির পতন ঘটলে তা এক ধরনের মানবিক বিপর্যয় হবে বলে বিবিসি’কে জানান স্টাফান ডি মিসতুরা।
শহরটি দখল করে নিতে পারলে আইএস জঙ্গিরা সিরিয়া-তুরস্ক সীমান্তের একটি বড় অংশের পূর্ণ নিয়ন্ত্রণ লাভ করবে। আর তাহলে এটি হবে সিরিয়ায় বিদেশি যোদ্ধাদের প্রবেশের একটি প্রাথমিক পথ। সেইসঙ্গে তাদের দখল করা তেলক্ষেত্র থেকে তেল চালানেরও সুযোগ পাবে আইএস।
কোবানি শহরের দখল নিয়ে তিন সপ্তাহের লড়াইয়ে ৪শ’ মানুষ নিহত হয়েছে। তুরস্ক সীমান্ত পার হয়ে পালিয়েছে ১ লাখ ৬০ হাজার মানুষ।
আইএস যোদ্ধারা কোবানেতে ঢোকার দুইদিন পর শহরের পূর্বের রাস্তায় লড়াই বাড়ছে।
