মিশরে নিরাপত্তা অভিযানে ১৬ জঙ্গি নিহত
মিশরের সিনাই উপদ্বীপে সেনাবাহিনীর নিরাপত্তা অভিযানের সময় সংঘর্ষে অন্ততপক্ষে ১৬ জঙ্গি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির নিরাপত্তা সূত্রগুলো।
মঙ্গলবার এই অভিযান চলাকালে সিনাইভিত্তিক জঙ্গিগোষ্ঠী আনসার বায়াত আল মাকদিস’র চারজন নেতা ও সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।।
নিরাপত্তার কারণে পরিচয় প্রকাশে অনিচ্ছুক এক সূত্র জানিয়েছেন, “অন্য একটি সংঘর্ষের ঘটনায় সিনাইয়ের উত্তরাঞ্চলীয় গ্রাম আল মুকাত্তা, আল আগ্রা এবং আল গৌরায় আল কায়েদার পতাকা উড়ানো তিনটি গাড়ি ও একটি মোটর সাইকেলে ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণ করেছে সেনাবাহিনী।”
২০১৩ সালে মুসলিম ব্রাদারহুডের ইসলামপন্থী প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মিশরীয় সেনাবাহিনী ক্ষমতাচ্যুত করার পর থেকে সিনাইয়ের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালানো শুরু করে জঙ্গিরা।
এতে জঙ্গি দমনে সিনাইয়ে বড় ধরনের অভিযান শুরু করে সেনাবাহিনী। মঙ্গলবারে ঘটনা ওই অভিযানেরই অংশ।
চলমান অভিযানের ফলে বহু সন্দেহভাজন জঙ্গি নিহত ও কয়েকশ’ জঙ্গি গ্রেপ্তার হয়েছে।
