২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোবানি থেকে আইএস’কে দূরে রাখলো বিমান হামলা

তুর্কি-সিরীয় সীমান্ত শহর কোবানির আশপাশে ইসলামিক স্টেট’র (আইএস) অবস্থানের ওপর বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2014, 12:54 PM

Updated : 13 Oct 2022, 12:40 PM

সিরীয় কুর্দি যোদ্ধাদের বরাত দিয়ে বুধবার বিবিসি জানিয়েছে, বিমান হামলা খুব কার্যকর হয়েছে তবে আরো আগে হওয়া উচিত ছিল।

বিবিসি’র প্রতিনিধিরা জানিয়েছেন, বিমান হামলায় কোবানি অভিমুখে আইএস’র অগ্রযাত্রা থেমে গেছে বলে তাদের কাছে মনে হচ্ছে। তবে কোবানির চারপাশে লড়াই অব্যাহত আছে বলে জানিয়েছেন তারা।

কোবানিতে আইএস’র বিরুদ্ধে লড়াইরত কুর্দিদের তুর্কি সেনাবাহিনীর কোনো সহায়তা না দেয়ার প্রতিবাদে মঙ্গলবার তুরস্কজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এ সময় অন্ততপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানা গেছে। সিরীয় কুর্দি দলের নেতা সালিহ মুসলিম জানিয়েছেন, প্রবল চাপের মুখে থাকা কুর্দি প্রতিরোধ বাহিনীর জন্য মঙ্গলবার দিবাগত রাতের পরিস্থিতি খুব গুরুতর হয়ে উঠেছিল। তিনি বলেন, “প্রতিরোধ বাহিনী প্রবল লড়াই চালিয়ে যাচ্ছে এবং তারা বেসামরিক বাসিন্দাদের রক্ষা করার চেষ্টা করছে। তদের বিরুদ্ধে খুব বড় ধরনের অভিযান চালানো হচ্ছে।” কোবানির তিন সপ্তাহের যুদ্ধে অন্ততপক্ষে ৪শ’ মানুষ নিহত হয়েছেন বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন, আর ১ লাখ ৬০ হাজার সিরীয় তুর্কি সীমান্ত পাড়ি দিয়ে পালিয়ে গেছে। কোবানির চারপাশে পাঁচটি বিমান হামলা চালানো হয়েছে বলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানিয়েছে। সোম ও মঙ্গলবার এসব হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন তারা। তবে ঠিক কখন হামলা চালানো হয়েছে তা নিশ্চিত করে জানা যায়নি। বুধবার বিমান হামলা অব্যাহত রাখা হলে তা কোবানির লড়াইয়ের জন্য নির্ধারক হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।