কলম্বিয়ায় ধর্মীয় প্রার্থনায় বজ্রপাত, নিহত ১১
কলম্বিয়ার প্রত্যন্ত সিয়েরা নেভেদা পার্বত্যাঞ্চলে ধর্মীয় প্রার্থনা চলাকালে বজ্রপাতে একটি নৃগোষ্ঠীর ১১ জন সদস্য নিহত হয়েছেন।
বিবিসি বলছে, রোববার রাতের এ ঘটনায় নিহতরা সবাই গুয়িগুয়া নৃগোষ্ঠীর নেতা।
বজ্রপাত আঘাত করার সময় তারা আধ্যাত্মিক সমন্বয়ের প্রার্থনায় রত ছিলেন। এতে আরো ১৫ জন আহত হয়েছেন।
সেনাবাহিনী জীবিতদের উদ্ধার করে হেলিকপ্টারে করে ক্যারিবীয় শহর সান্তা মার্তার হাসাপাতালে পাঠিয়েছে।
আহতদের অধিকাংশেরই শরীর পুড়ে গেছে, তাদের হাসপাতালের বার্ন ইউনিটে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওই সম্প্রদায়ের প্রায় ৬০ জন খড় দিয়ে ছাওয়া একটি ঘরে প্রার্থনায় মিলিত হয়েছিলেন। এই ঘরটিকে তারা উপাসনালয় হিসেবে ব্যবহার করতেন।
বজ্রপাতে এই উপাসনালয়টিও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
দেশটির প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস এক ট্যুইটারবার্তায় বলেছেন, “আমরা সিয়েরা নেভাদা সান্তা মার্তা নৃগোষ্ঠী সম্প্রদায়ের প্রতি সংহতি ও সহমর্মিতা জ্ঞাপন করছি।”
