নারী খৎনার বিরুদ্ধে আন্দোলনকারীকে সম্মাননা
নারীদের খৎনার বিরুদ্ধে আন্দোলনকারী সোমালিয়ায় জন্ম নেয়া সাফিয়া আব্দি হাসিকে নরওয়ের নাইটহুড খেতাব ‘দি অর্ডার অব সেন্ট ওলাভ’ দেয়া হয়েছে।
আফ্রিকার প্রথম মানুষ হিসেবে তিনি নরওয়ের এ খেতাবটি পেলেন বলে বিবিসি জানিয়েছে।
শুক্রবার নরওয়ের রাজধানী ওসলোর রাজপ্রাসাদে খেতাবটি গ্রহণ করেছেন তিনি। নারী ও শিশুদের নিয়ে তার কাজের স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেয়া হয়।
১৯৯২ সালে নিজের তিন কন্যাকে সঙ্গে নিয়ে তিনি সোমালিয়া ছেড়ে নরওয়ে পালিয়ে গিয়েছিলেন। তিনি নিজেও পারিবারিক সহিংসতা ও খৎনার শিকার হয়েছিলেন।
বিবিসিকে তিনি বলেছেন, তার আন্দোলন তার নিজ জীবনের অভিজ্ঞতার ফসল।
“সব ধরনের সহিংতার শিকার আমি, সহিংসতার বিরুদ্ধে আমার সংগ্রামে আমার নিজের গল্পই ব্যবহার করি,” বলেন তিনি।
খৎনা ছাড়াও তিনি জোরপূর্বক বিবাহ, পারিবারিক সহিংসতা এবং দারিদ্রের পাশাপাশি পাচারেরও শিকার হয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
“আফ্রিকা থেকে বের হয়ে ইউরোপে আসার জন্য নিজের শরীরকে ব্যবহার করতে বাধ্য হয়েছি আমি। আমার তিন কন্যার সহিংসতামুক্ত জীবনের জন্যই এসব করেছি আমি,” বলেছেন তিনি।
হাসি যখন নরওয়ে আসেন তার কোনো আনুষ্ঠানিক শিক্ষা ছিল না। এখানে তিনি প্রাথমিক ও মাধ্যমিক পড়া শেষ করে নার্সিংয়ের ওপর বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করেন।
এরপর নরওয়ের দাতব্য প্রতিষ্ঠান আমাথিয়া’তে কাজ করার সময় তিনি নারী খৎনার বিরুদ্ধে প্রবল এক আন্দোলনকারী হয়ে উঠেন।
নারী খৎনার বিরুদ্ধে নরওয়ে সরকারের কর্ম পরিকল্পনা প্রণয়ণে তিনি সহায়তা করেন এবং নারী সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের একজন দূত হিসেবে পরিচিতি পান।
তিনি জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে গঠিত নরওয়ের একটি জাতীয় বোর্ডের হয়ে কাজ করছেন এবং বিভিন্ন সংস্কৃতি বোঝায় ক্ষেত্রে ভূমিকা রাখছেন।
