ইয়েমেনে যুক্তরাষ্ট্র দূতাবাসের কাছে রকেট হামলা
ইয়েমেনের রাজধানী সানায় যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে আল কায়েদার দলছূট জঙ্গিগোষ্ঠি আনসার আল শরিয়া রকেট নিক্ষেপ করেছে।
শনিবারের এই ঘটনায় দূতাবাসের কেউ হতাহত না হলেও দূতাবাসের অদূরে কয়েকজন ইয়েমেনি রক্ষী আহত হয়েছেন।
রকেটটি দূতাবাস থেকে দুইশ মিটার দূরে বিস্ফোরিত হয়। এতে ওই এলাকায় পাহারারত ইয়েমেনি পুলিশের বিশেষ শাখার অন্তত দুই সদস্য আহত হন, জানিয়েছে ইয়েমেনি পুলিশ।
শুক্রবার ইয়েমেনের উত্তরাঞ্চলীয় একটি প্রদেশে যুক্তরাষ্ট্রের কথিত ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে রকেট হামলা চালানো হয়েছে বলে দাবী করেছে গোষ্ঠিটি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দূতাবাস লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এমন কোনো ইঙ্গিত তারা পাননি এবং এই হামলায় তাদের কোনো কর্মী আঘাত পাননি।
বার্তা সংস্থা রয়টার্সকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, হামলাকারীরা একটি গাড়ি থেকে রকেটটি ছুঁড়ে দ্রুত পালিয়ে যায়।
হামলার কয়েক ঘন্টা পর আনসার আল শরিয়া নিজেদের ট্যুইটার একাউন্টে যুক্তরাষ্ট্রের দূতাবাস লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে। এতে কয়েকজন রক্ষী ও যানবাহন ক্ষতিগ্রস্থ হয়েছে বলে দাবী করেছে গোষ্ঠিটি।
শুক্রবার ইয়েমেনের আল জওয়াফ প্রদেশে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলার প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হয়েছে বলে জানিয়েছে আল শরিয়া। ওই ড্রোন হামলায় কয়েকটি শিশু গুরুতর আহত হয়েছে বলে দাবী করেছে গোষ্ঠিটি।
ওই এলাকার নৃগোষ্ঠির সূত্রগুলো জানিয়েছে, শুক্রবারের ওই ড্রোন হামলায় আল কায়েদার দুজন সদস্য নিহত ও অপর দুজন আহত হয়েছেন। এছাড়া কয়েকটি শিশুও আহত হয়েছে বলে জানা গেছে।
ইয়েমেনের জঙ্গিদের লক্ষ্য করে যুক্তরাষ্ট্র নিয়মিত ড্রোন হামলা পরিচালনা করলেও প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করে না।
