২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাঙালি’ পরিচয়ে রোহিঙ্গাদের নিবন্ধন করবে মিয়ানমার

মিয়ানমারে রোহিঙ্গা মুসলিমদের নাগরিকত্ব দিতে কেন্দ্রীয় সরকার একটি পরিকল্পনা হাতে নিয়েছে, যাতে ওই সংখ্যালঘুদেরকে জাতিগত ‘বাঙালি’ পরিচয়ে নাম নিবন্ধনের শর্ত দেয়া হয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 27 Sep 2014, 10:52 PM

Updated : 25 Apr 2022, 04:45 PM

নতুন এই খসড়া পরিকল্পনা দেশটির ১০ লাখেরও বেশি ‘নিপীড়িত’ রোহিঙ্গাকে গভীর হতাশার মধ্যে ঠেলে দিয়েছে। সরকারের নীতি হল “নৃতাত্ত্বিক পরিচয়ের নতুন বিন্যাস মেনে নিয়ে নাগরিকত্বের নিশ্চিত কর অথবা বন্দী থাক।”   

২০১২ সালে রাখাইন বৌদ্ধদের সঙ্গে রোহিঙ্গা মুসলমানদের রক্তক্ষয়ী সংঘর্ষে বহু নিহত ও প্রায় এক লাখ ৪০ হাজার মানুষ গৃহহীন হয়।  নির্যাতিতদের বেশিরভাগই ছিল রোহিঙ্গা মুসলিম।

বর্তমানে মিয়ানমারে রোহিঙ্গার সংখ্যা প্রায় ১১ লাখ, যাদের বেশিরভাগই রাখাইন রাজ্যের পশ্চিমাঞ্চলে চরম নিরাপত্তাহীনতার মধ্যে বসবাস করছেন।

রোহিঙ্গা সমস্যার সমাধানে রাখাইন রাজ্যের আঞ্চলিক কর্তৃপক্ষের জন্য প্রস্তুত কেন্দ্রীয় সরকারের খসড়া পরিকল্পনাটি রয়টার্স সাংবাদিকরা হাতে পেয়েছেন।  

এতে দেখা যায়, যেসব রোহিঙ্গার প্রয়োজনীয় কাগজপত্র নেই এবং যারা ‘বাঙালি’ হিসেবে নাম নিবন্ধন করতে রাজি হবে না, তাদের জন্য অস্থায়ী শিবির নির্মাণ করতে রাখাইন কর্তৃপক্ষের প্রতি কেন্দ্রীয় সরকারের নির্দেশ রয়েছে। 

দুই বছর আগে জাতিগত দাঙ্গার সময় বেশিরভাগ রোহিঙ্গাই তাদের প্রয়োজনীয় কাগজপত্র হারিয়ে ফেলেছেন। এছাড়া অনেকেই এর আগে ‘বাঙালি’ হিসেবে নিজেদের নাম নিবন্ধন করতে রাজি হননি।  

তাদের যুক্তি, এভাবে নাম নিবন্ধন করলে, তারা প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ থেকে এসেছেন এবং মিয়ানমারে অবৈধভাবে বসবাস করছেন, প্রকারান্তে এমনটিই মেনে নেয়া হয়।

মিয়ানমার সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, শান্তিপূর্ণ সহাবস্থান এবং জাতিগত বিদ্বেষ ও সংঘর্ষ বন্ধ করাই পরিকল্পনার উদ্দেশ্য। সেই সঙ্গে নাগরিকত্ব দিয়ে রোহিঙ্গাদের স্থায়ী অধিবাসী হিসেবে স্বীকৃতি দেয়ার উদ্যোগ এটি।

মানবাধিকারকর্মীরা আশঙ্কা করছেন, এই পরিকল্পনার ফলে হাজার-হাজার রোহিঙ্গা অনির্দিষ্টকালের জন্য কারাভোগের ঝুঁকিতে পড়তে পারেন।

এদিকে যারা ‘নতুন জাতিগত শ্রেণিবিন্যাস’ মেনে নেবে এবং যাদের প্রয়োজনীয় কাগজপত্র রয়েছে তাদের সরকারের পক্ষ থেকে নাগরিকত্ব দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে।

নাগরিকত্ব দেয়ার মাধ্যমে রোহিঙ্গাদের বেশকিছু আইনগত নিরাপত্তা ও অধিকার দেয়া হবে। যদিও এক্ষেত্রে তাদেরকে বাঙালি হিসেবে পরিচয় দিতে হবে।

তবে সরকারের এই প্রস্তাবের পরও রাখাইন বৌদ্ধ এবং রোহিঙ্গা মুসলিমদের মধ্যে চলমান জাতিগত উত্তেজনা শেষ হবে না বলেই মনে করেন সেখানকার সরকারি কর্মকর্তা থা পিউইন্ট।

পিউইন্ট রাখাইন রাজ্যে নাগরিকত্ব প্রদান বিষয়ক নিরীক্ষা কমিটি ও মানবাধিকার পর্যবেক্ষণ কমিটির সদস্য। ওই প্রস্তাব মেনে নাগরিকত্ব নিলেও রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত হবে না বলে তার ধারণা।

 “আসল কথা হল নাগরিকত্ব ও পুনর্বাসন বা যাই দেয়া হোক না কেন, নাগরিকত্ব পাওয়া বাঙালিরা কোনো রাখাইন গ্রামের মধ্যে দিয়ে হেঁটে যেতেও পারবে না।” 

জাতীয় সরকারের অনুরোধেই এই খসড়া পরিকল্পনা করা হয়েছে বলে রয়টার্সকে জানান পিউইন্ট। আরো তিনটি ভিন্ন সূত্র রয়টার্সকে এই পরিকল্পনার কথা জানিয়েছে।

এ ব্যাপারে মন্তব্যের জন্য রয়টার্সের পক্ষ থেকে মিয়ানমার সরকারের মুখপাত্র ইয়ে তুতের সঙ্গে টেলিফোনে ও ইমেইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

পুরনো খবর:

মিয়ানমারে ‘৩০ রোহিঙ্গা খুন’
মুসলিমদের দমিয়ে মিয়ানমারে সফলতা আসবে না: ওবামা
রোহিঙ্গা ফাঁকি: মিয়ানমারে জনসংখ্যা কমেছে ৯০ লাখ