নানী হলেন হিলারি ক্লিন্টন
মেয়ে চেলসির মা হওয়ার মধ্য দিয়ে নানী হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন।
শুক্রবার চেলসি ক্লিন্টন ও মার্ক মেজভিনস্কির ঘরে জন্ম নিয়েছে একটি কন্যা সন্তান। এটিই চেলসি দম্পতির প্রথম সন্তান। পরিবারের ঘনিষ্ঠ একটি সূত্র এবিসি নিউজকে একথা জানিয়েছে।
পরেরদিন সকালে চেলসি নিজেই এক ট্যুইট বার্তায় মেয়ের মা হওয়ার কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন। ৩৪ বছর বয়সী চেলসির সন্তানসম্ভবা হওয়ার কথা এপ্রিলের মাঝামাঝিতেই প্রকাশ পেয়েছিল।
শনিবার ট্যুইটারে তিনি বলেন, “মেয়ের জন্ম একরাশ ভালোবাসা, মমতা আর বিস্ময়ে আমাদের মন ভরিয়ে দিয়েছে।”
ক্লিন্টন-হিলারি দম্পতির প্রথম এ নাতনির নাম রাখা হয়েছে কার্লট ক্লিন্টন মেজভনস্কি। চেলসিই ট্যুইটারে সন্তানের ওই নামের কথা জানান।
সাবেক ফার্স্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে শোনা যাচ্ছে। ওই নির্বাচনে জিতলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।
প্রেসিডেন্ট নির্বাচন করবেন কিনা তা ২০১৫ সালের শুরুতে নিশ্চিত করবেন বলে ভক্তদের জানিয়ে রেখেছিলেন হিলারি।
তাছাড়া, মেয়ের ঘরে সন্তান আসার আগে নতুন করে কোনো প্রচারাভিযানে নামতে চান না এবং ‘নানী’ ডাকটিই এ মুহূর্তে তার সবচেয়ে কাঙ্খিত বলেও জিানিয়েছিলেন হিলারি।
নানা হতে চলার আনন্দ চেপে রাখতে পারেননি সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টনও। নাতনীর জন্মের আগে থেকেই তার প্রসঙ্গ বিভিন্ন অনুষ্ঠানে টেনে এনেছেন তিনি।
চলতি মাসেই অরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সঙ্গে একটি অনুষ্ঠানে হঠাৎ ক্লিন্টনের ফোনটি বেজে ওঠে।
ওই সময় ক্লিন্টন রসিকতা করে বলেছিলেন, এ নাম্বারটি তো কেবল দুইজনের কাছেই আছে এবং তারা তার নিজেরই মানুষ। তার মানে নির্ধারিত সময়ের আগেই তিনি নানা হয়ে যাননি তো?
