২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘে কাশ্মির প্রসঙ্গ তুলবে পাকিস্তান

নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ তার বক্তৃতায় কাশ্মিরের প্রসঙ্গ তুলবেন বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আজিজ আহমেদ চৌধুরি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 08:48 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে আজিজও নিউ ইয়র্কে রয়েছেন। পররাষ্ট্রমন্ত্রী আজিজ সাংবাদিকদের বলেন, বক্তৃতায় নওয়াজ শরিফের কাশ্মির প্রসঙ্গ না তোলার কোন ‘কারণ নেই’।

তবে এ ব্যাপারে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় কোন আলোচনার উদ্যোগ পাকিস্তান সরকারের পক্ষ থেকে নেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তিনি।

“কাশ্মির প্রসঙ্গে আলোচনার পথ ভারতই বন্ধ করেছে। তাই দুই দেশের মধ্যে এ বিষয়ে কোনো আলোচনা করতে হলে ভারতকেই সে উদ্যোগ নিতে হবে।”

ভারত আলোচনার উদ্যোগ নিলে পাকিস্তান বিষয়টি বিবেচনা করবে বলেও জানান আজিজ।

এর আগে এ ব্যাপারে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা সরতাজ আজিজ বলেছিলেন, “আলোচনা হবে কি হবে না সে বিষয়ে এখন নয়াদিল্লি সিদ্ধান্ত নেবে। আলোচনার বিষয়ে ইসলামাবাদ প্রথম পদক্ষেপ নেবে না।”

“তারা (ভারত) আলোচনা বাতিল করেছে। তাই তারা উদ্যোগ নিলেই শুধু আলোচনা সম্ভব। আলোচনা এগিয়ে নেয়ার ক্ষেত্রে কোনো শর্তই ভঙ্গ করা হয়নি…বরং গত ২০ বছর ধরে করে আসা নিয়মিত কাজই করেছে পাকিস্তান।ভারত বিষয়টি নিয়ে বাড়াবাড়ি করেছে।”

এর জবাবে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বৃহস্পতিবার নিউ ইয়র্কে সাংবাদিকদের বলেন, “কাশ্মির বিষয়ে আলোচনা শুরু হওয়ার আগেই কাশ্মিরের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগ দিয়ে পাকিস্তানই আলোচনার পথ শেষ করে দিয়েছে।”

“এখানে প্রথম বা দ্বিতীয় বলে কিছু নেই। তখন আমাদের পক্ষ থেকে উদ্যোগ নেয়া হয়েছিল। আর আমাদের জবাব হচ্ছে, তখন আমরা বারবার বলেছিলাম যা বলার এখনই বলতে হবে।”

ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার শপথ অনুষ্ঠানে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে আমন্ত্রণ জানিয়েছিলেন। তখন নওয়াজ শরিফই দ্বিপক্ষীয় আলোচনায় দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশ নেয়ার পরামর্শ দিয়েছিলেন।

কাশ্মির প্রসঙ্গেও দুই দেশের আলোচনা করার কথা ছিল।কিন্তু অগাস্টে আলোচনা শুরু হওয়ার মাত্র চারদিন আগে কাশ্মিরের হুররিয়াত নেতাদের সঙ্গে আলোচনার জন্য পাকিস্তানের একটি প্রতিনিধি দল কাশ্মির যায়।

বিষয়টি ভালো চোখে দেখেনি ভারত। তারা দ্বিপক্ষীয় আলোচনা বাতিল করে দেয়। কাশ্মির সমস্যা সমাধানের পরামর্শ দিতে গিয়ে স্কটল্যান্ডের মতো গণভোট আয়োজনের কথা বলেছেন পাক পররাষ্ট্রমন্ত্রী আজিজ।

তিনি বলেন, “গণভোটের মাধ্যমে এখনো কাশ্মির বিতর্কের সুষ্ঠু সমাধান সম্ভব বলেই আমাদের বিশ্বাস।”