২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএস'র হয়ে লড়ছে তিন সহস্রাধিক ইউরোপীয়

ইরাক ও সিরিয়ায় আইএস জঙ্গিদের পক্ষে তিন হাজারেরও বেশি ইউরোপীয় লড়াই করছে বলে ইউরোপের একজন শীর্ষ সমর বিশেষজ্ঞ জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2014, 05:20 PM

Updated : 22 Aug 2022, 07:12 PM

ইইউ’র সন্ত্রাস বিরোধী বিভাগের প্রধান জিল ড্য কারচভ সম্প্রতি বিবিসি’কে বলেন, আইএস এর হয়ে লড়াই করা ইউরোপীয়র সংখ্যা বেড়ে তিন হাজারেরও বেশি হয়েছে। পশ্চিমা বিশ্বের বিমান হামলার কারণে ইউরোপে জঙ্গি গোষ্ঠীটির হামলার আশঙ্কা আরো বেড়ে গেছে।

অগাস্টের মাঝামাঝি সময় থেকে ইরাকে আইএস এর প্রায় দুশ’ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বাহিনী। সোমবার থেকে সিরিয়াতেও আইএস’র বিরুদ্ধে বিমান হামলা শুরু হয়েছে। এতে সহায়তা করছে কয়েকটি আরব রাষ্ট্র।

সম্প্রতি ইরাক ও সিরিয়ার বড় এলাকার দখল নিয়ে ‘ইসলামি খেলাফত’ ঘোষণা করেছে আল কায়েদা থেকে বেরিয়ে যাওয়া আইএস জঙ্গিরা।

ইইউ’র ওই কর্মকর্তা বলেন, আইএস এর দখল অভিযানে যাওয়া ইউরোপীয়র সংখ্যা তিন হাজারেরও বেশি। এদের কেউ ফিরে এসেছে আবার কেউ যুদ্ধক্ষেত্রে নিহত হয়েছে।

ইরাক ও সিরিয়ায় ৩১ হাজার যোদ্ধা নিয়ে আইএস লড়াই চালাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ জানিয়েছে।

গত জুনে আইএস’র ইসলামি খেলাফতের ঘোষণা ইউরোপ থেকে জনবল সংগ্রহে বিশেষ ভূমিকা রেখেছে মনে করেন জিল ড্য কারচভ। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদেশের বিমান হামলা ইউরোপে জঙ্গি সংগঠনটির হামলার আশঙ্কাকে জোরদার করেছে বলে হুঁশিয়ার করেন তিনি।

“তিনদিন আগে ফ্রান্সের ক্ষেত্রে বিষয়টি আরো পরিষ্কার হয়েছে। কারণ, তিনদিন আগে আইএস প্রতিশোধ নেয়ার হুমকি দিয়ে একটি বিবৃতি দিয়েছিল। পরে আলজেরিয়ায় একজন ফরাসি নাগরিক অপহৃত হয়, পরে তার শিরশ্ছেদ করা হয়। সুতরাং তারা যা ঘোষণা দিয়েছে তাই করেছে।”

আইএস এর প্রতিদ্বন্দ্বী অন্যান্য জঙ্গি সংগঠন, যেমন আল কায়েদা নিজেদের অবস্থান ধরে রাখার জন্যও ইউরোপে হামলা চালাতে পারে বলে সতর্ক করেন এই ইইউ কর্মকর্তা।