২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার মুখেও থেমে নেই আইএস

সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিদের(আইএস)অবস্থানগুলোতে দ্বিতীয় দিনের মতো যুক্তরাষ্ট্রের বিমান হামলার মুখেও থেমে নেই জঙ্গি গোষ্ঠীটির যোদ্ধাদের অগ্রযাত্রা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2014, 07:40 PM

Updated : 13 Oct 2022, 12:37 PM

কুর্দি একটি এলাকায় তৎপরতা চালিয়ে যাচ্ছে আইএস জঙ্গিরা। ওই এলাকা থেকে পালাতে থাকা শরণার্থীরা জানিয়েছে, গ্রাম জ্বালিয়ে দেয়া হয়েছে এবং বন্দিদের শিরশ্ছেদ করা হচ্ছে।

জাতিসংঘে এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জঙ্গিদের বিরুদ্ধে একযোগে লড়াই করতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন এবং তাদের বিরুদ্ধে সামরিক চাপ বজায় রাখার অঙ্গীকার করেছেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ৪০ মিনিটের বক্তব্যে ওবামা বলেছেন, হত্যাকারীরা কেবল একটি ভাষাই বোঝে। আর তা হল শক্তির ভাষা। সুতরাং, যুক্তরাষ্ট্র জঙ্গিদের ‘হত্যার নেটওয়ার্ক’ গুঁড়িয়ে দিতে বৃহত্তর জোটের সঙ্গে কাজ করে যাবে।

সিরিয়ার কুর্দিরা বলেছে, সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের হামলার জবাব দিয়েছে আইএস। ওই এলাকা থেকে পালিয়েছে ১ লাখ ৪০ হাজার বেসামরিক নাগরিক।

উত্তরাঞ্চলীয় কোবানি শহরে আইএস জঙ্গিদের অগ্রযাত্রা বাড়তে থাকায় তাদেরকে পরাজিত করা যে যুক্তরাষ্ট্রের জন্য দুরূহ তা স্পষ্ট হয়ে উঠেছে।