অস্ট্রেলিয়ায় ‘সন্দেহভাজন জঙ্গি’ পুলিশের গুলিতে নিহত
অস্ট্রেলিয়ায় দুই পুলিশকে ছুরিকাঘাতকারী এক ‘সন্দেহভাজন কিশোর জঙ্গিকে’ গুলি চালিয়ে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
মঙ্গলবার বিকালে ওই ঘটনা ঘটে বলে সরকারি কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।
আব্দুল নোমান হায়দার নামে ১৮ বছর বয়সী ওই কিশোর অস্ট্রেলিয়া পুলিশের সন্ত্রাস বিরোধী শাখার দুই কর্মকর্তাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তাদের একজনের গুলিতে তিনি নিহত হন।
নিহত ওই কিশোরকে মধ্যপ্রাচ্যের জঙ্গিগোষ্ঠী আইএস এর পতাকা হাতে দেখা গিয়েছিল বলে জানায় গণমাধ্যম।
ভিক্টরিয়া পুলিশ স্টেশনের কমিশনার কেন লেই বলেন, “তার সঙ্গে একটি পতাকা দেখা গিয়েছিল। তবে সেটা আইএস এর ছিল কিনা তা পুরোপুরি নিশ্চিত নয়।”
ছুরিকাঘাতে আহত দুই পুলিশ কর্মকর্তাকে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থা স্থিতিশীল।
বিচারমন্ত্রী মিখাইল কিনান জানান, নিহত ওই কিশোর আগে থেকেই জঙ্গি সন্দেহের তালিকায় ছিল। গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর দিকে তার নজর ছিল।
