২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়ে ও ৬ নাতিকে হত্যার পর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রে এক ব্যক্তি নিজের মেয়ে ও ৬ নাতিকে গুলি করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেছেন।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2014, 03:18 PM

Updated : 13 Oct 2022, 12:36 PM

ডন চার্লস স্পিরিট নামে ৫১ বছর বয়সী ওই ব্যক্তি ফ্লোরিডার বেল শহরে নিজের বাড়িতে এই মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছেন।

বিবিসি বলছে, স্পিরিটের সহকর্মী শুলজ বৃহস্পতিবার বিকালে গোলাগুলির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যান এবং স্পিরিটের সঙ্গে যোগাযোগ করেন। আর এরপরই খুনি স্পিরিট নিজেও আত্মহত্যা করেন।

মেয়ে ও মেয়ের ৬ সন্তানকে হত্যার বিষয়কে ইঙ্গিত করে শুলজ বলেন, “আমি এ ধরনের কোনকিছু দেখিনি।”

তিনি আরও বলেন, “এই শহর, এই সমাজ এ ঘটনায় ভেঙ্গে পড়বে। এটি ছোট্ট একটি শহর। এখানে সবাই আমরা পরিবারের মতো। আমরা এই এখানকার সমাজ ও পরিবারের জন্য প্রার্থনার আহ্বান জানাই।”

স্পিরিট আত্মহত্যা করার পর পুলিশ বাড়িটিতে আরও ৭টি মরদেহ খুঁজে পায়। যদিও সেখানে আরও মানুষ ছিলেন যারা এখনো জীবিত। কিন্তু পুলিশের কাছে পূর্বপরিচিত স্পিরিটিই এই ঘটনার প্রধান সন্দেহভাজন।

ফ্লোরিডার সংশোধন বিভাগসূত্রে জানা গেছে, স্পিরিটের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র বিষয়ক নিষেধাজ্ঞা ছিল। ২০০৬ সালে তিনি এ থেকে মুক্তি পান।

৩৫০ জন অধিবাসীর বেল শহরটি গাইনেসভিল্লে থেকে ৩০ মাইল পশ্চিমে অবস্থিত।

সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের স্কুল, কলেজ, সামরিক প্রতিষ্ঠান, বিপণীবিতান এবং বাড়িতে এ ধরনের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনাতেই নিরাপরাধ মানুষেরাই হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।

এই ঘটনায় আবারও ব্যক্তিগত পর্যায়ে অস্ত্র রাখার অধিকার নিয়ে বিতর্ক শুরু হবে বলেই ধারণা করা হচ্ছে।