২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিযুক্ত নাবিককে ইতালি যাওয়ার অনুমতি ভারতের

ভারতীয় দুই জেলেকে হত্যার অভিযোগে আটক ইতালির দুই নাবিকের একজনকে চিকিৎসার জন্য দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে আদালত।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 13 Sep 2014, 01:39 PM

Updated : 25 Apr 2022, 04:41 PM

সম্প্রতি দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা শেষে ছাড়া পাওয়া মেসিমিলিয়ানো লাতোরেকে ভারতের সর্বোচ্চ আদালত চারমাসের জন্য ইতালিতে যাওয়ার অনুমতি দিয়েছে।

ইতালি সরকারের পক্ষ থেকে ভারতের সুপ্রিম কোর্টে লাতোরেকে দেশের ফেরার অনুমতি চেয়ে আবেদন করা হয়।

মেসিমিলিয়ানো লাতোরে এবং সালভাতোরে জিরোনের বিচার প্রক্রিয়াধীন। তবে তারা জামিনে দিল্লিস্থ ইতালির দূতাবাসে অবস্থান করছেন। কিন্তু দুই আসামির কাউকেই এরআগে ভারত ত্যাগের অনুমতি দেয়া হয়নি।

৪৭ বছর বয়সী লাতোরেকে গত সপ্তায় রক্ত সংবহনে বাধাসৃষ্টিকারী রোগের চিকিৎসা দেয়া হয়। এরফলে তার স্ট্রোক হতে পারে।

রোববার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয় এবং সহসাই তিনি কোন ঝুঁকিতে নেই বলে চিকিৎসকরা মনে করছেন।

কিন্তু ইতালির পররাষ্ট্রমন্ত্রী ফেদেরিকা মগেরিনি বলেছেন, লাতোরেকে দেশে ফেরানো হলে তার পূর্ণ আরোগ্য সম্ভাবনা রয়েছে।

শুক্রবার দিল্লিতে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত বিচারকদের কাছে লিখিত দেন, মেসিমিলিয়ানো লাতোরে চারমাসের মধ্যেই পুনরায় ভারতে ফিরে আসবেন।

২০১৩ সালের ফেব্রুয়ারিতে ভোট দেয়ার জন্য অভিযুক্ত দুই নাবিককেই ইতালিতে ফিরে যাওয়ার অনুমতি দেয়া হয়েছিল।

প্রথমদিকে ইতালি দুই নাবিককে ভারতে ফেরত দিতে অস্বীকৃতি জানিয়েছিল। আন্তর্জাতিক সীমানায় হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটায় অভিযুক্ত নাবিকদের বিচার ইতালিতেই হওয়া উচিৎ বলে জোর দাবি তুলেছিল।

বিষয়টি নিয়ে দুইদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন সৃষ্টি হয়। এর মাসখানেক পর দুই নাবিককে ভারতে ফেরত পাঠায় ইতালি।

মেসিমিলিয়ানো লাতোরে এবং সালভাতোরে জিরোন নামের ওই দুই নাবিক একটি কার্গো জাহাজের নিরাপত্তা সেনাসদস্যদের দলে ছিলেন।

আত্মপক্ষ সমর্থন করতে গিয়ে ওই দুই নাবিক দাবি করেছেন, তারা ওই দুই জেলেকে ভুল করে জলদস্যু ভেবে ছিলেন এবং তাদের সতর্ক করতে পানির মধ্যে গুলি চালিয়েছিলেন।

২০১২ সালের ফেব্রুয়ারিতে কেরালা সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটে।

যদিও তাদের বিচার চলমান কিন্তু এরই মধ্যে ভারত জানিয়ে দিয়েছে তাদের মৃত্যুদণ্ড দেয়া হবে না।