২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবতা হনুমানের পরিচয়পত্র!

ভারতে হনুমান দেবতার নামে ইস্যু করা একটি সরকারি ইলেকট্রনিক পরিচয়পত্র নিয়ে তোলপাড় শুরু হয়েছে। কিভাবে এই পরিচয়পত্র ইস্যু করা হয়েছে তা বের করতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

নিউজ ডেস্ক

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2014, 12:45 PM

Updated : 22 Aug 2022, 07:06 PM

দেশটির রাজস্থান রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে শুক্রবার জানিয়েছে বিবিসি।

পরিচয়পত্রের ছবির জায়গায় সোনার গয়না, মুক্তার অলঙ্কার ও মুকুট পরিহিত মহাকাব্য রামায়নের চরিত্র হনুমানের একটি ছবি দেয়া হয়েছে।

পরিচয়পত্রটি ইস্যু হওয়ার পর সেটি ঠিকানা অনুযায়ী ডাকযোগে পাঠানো হয়। নির্দিষ্ট ঠিকানায় গিয়ে ডাকপিয়ন হনুমান নামে কাউকে খুঁজে পাননি। পরে পরিচয়পত্রের ছবি দেখে কেউ ‘মজা’ করার জন্য এমনটি করেছে বলে তার ধারণা হয়।

তবে পরিচয়পত্রে দেয়া চোখের মণির প্রতিরূপ ও আঙ্গুলের ছাপ কার তা নিশ্চিত হওয়া যায়নি।

পরিচয়পত্রে হনুমানকে “পবনজির” সন্তান বলে দেখানো হয়েছে। পুরাণ অনুযায়ী দেবতা হনুমানও পবনের পুত্র। এছাড়া পরিচয়পত্রে একটি মোবাইল নম্বর ও রাজস্থানের একটি ঠিকানাও দেয়া হয়েছে।

ছবিতে দেবতা হনুমানকে সাধারণত মানুষের শরীর, হনুমানের লাল চেহারা ও লেজযুক্ত দেখানো হয়। ভারতের সর্বত্রই হনুমান দেবতাকে উৎসর্গ করা মন্দির রয়েছে।

“পবনজির পুত্র হনুমানকে” না পেয়ে ডাকপিয়ন হীরালাল সাইনি ডাকঘরে ফিরে যান। তারপর পরিচয়পত্রে দেয়া নম্বরে ফোন করে সেটি সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় পান।

পরিচয়পত্র এখন ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার (ইউআইডিএআই) ব্যাঙ্গালুরুর দপ্তরে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রাজস্থান ডাক দপ্তরের একজন কর্মকর্তা।

ইউআইডিএআই’র উপমহাপরিচালক অশোক দালবাই বলেছেন, স্থানীয় যে কেন্দ্র থেকে পরিচপত্রটি ইস্যু করা হয়েছে এবং যিনি এটি ইস্যু করেছেন তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।