২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরব রাষ্ট্রগুলোর সমর্থন পেল যুক্তরাষ্ট্র

ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের বিরুদ্ধে নতুন সামরিক অভিযানে সমর্থন দেয়ার জন্য আরব মিত্রদের সঙ্গে ‘সমন্বিত সামরিক অভিযান’ সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছে যুক্তরাষ্ট্র।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 12 Sep 2014, 01:51 PM

Updated : 25 Apr 2022, 04:41 PM

বৃহস্পতিবার সই হওয়া এই চুক্তি সিরিয়া-ইরাক উভয় দেশের নির্দিষ্ট অংশে প্রেসিডেন্ট ওবামা পরিকল্পিত সামরিক অভিযানের ব্যাপারে আঞ্চলিক সমর্থন আদায়ের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

সৌদি আরবের গ্রীষ্মকালীন রাজধানী জেদ্দায় আলোচনা শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ১০ আরব রাষ্ট্রের সমর্থন আদায় করতে সক্ষম হন। মিশর, ইরাক, জর্দান, লেবানন এবং সৌদি আরব ও কাতারসহ ছয় উপসাগরীয় রাষ্ট্রের সমর্থন পায় যুক্তরাষ্ট্র।

এই ১০ আরব রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বিত সামরিক অভিযানের মাধ্যমে সুন্নি বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) কাছ থেকে ইরাক ও সিরিয়ার বিশাল অঞ্চল পুনরুদ্ধার করার ব্যাপারে সম্মত হয়।

এক সাংবাদিক সম্মেলনে জন কেরি বলেন, “এই জোটে আরব রাষ্ট্রগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সামরিক সহায়তা, মানবিক মানবিক সহায়তা এবং অবৈধ অর্থায়ন বন্ধ এগুলো এই অভিযানে প্রাধান্য পাবে।”

অ-আরব সুন্নি ক্ষমতাসীন তুরস্কও এই আলোচনায় অংশ নিয়েছে। তবে আঞ্চলিকভাবে গুরুত্বপূর্ণ শিয়া নেতৃত্বাধীন ইরান ও সিরিয়া এই আলোচনায় অংশ নেয়া থেকে নিজেদের বিরত রাখে। ফলে মধ্যপ্রাচ্যের সাম্প্রদায়িক যুদ্ধসীমায় সামগ্রিক জোট গঠনে একটা জটিলতা রয়েই গেল।

ইরাক ও সিরিয়ায় আইএস’র বিরুদ্ধে অভিযান চালানোর ব্যাপারে ওবামা পরিকল্পনা ঘোষণার পর সমর্থন আদায়ে কেরি আরব নেতাদের সঙ্গে বৈঠক করেন।

মার্কিন কর্মকর্তারা বলছেন, এই অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করে আরো বেশি যুদ্ধবিমান চালনার অনুমতি দেয়ার জন্যও কেরি জোর দাবি জানিয়েছেন।

তবে কেরি জানিয়েছেন, জোটভুক্ত কোন দেশই স্থলসেনা পাঠাবে না।

সিরিয়ায় অন্যান্য সশস্ত্র সুন্নি বিদ্রোহী জঙ্গিদের সৌদি আরব সমর্থন জানালেও ইসলামিক স্টেটকে (আইএস) সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে গণ্য করছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ইরাক এবং সিরিয়ায় হুমকি হয়ে ওঠা আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযানকে এ জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে আন্তর্জাতিক লড়াই হিসাবেই নিয়েছে।

ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে বিশেষ কোনো হুমকি চিহ্নিত করতে না পারলেও মার্কিন কর্মকর্তারা বলেছেন, যোদ্ধারা দেশে ফিরে যেতে পারে এবং হামলা চালাতে পারে। অগাস্টে দুই মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদের ঘটনা অনেক মার্কিনিকেই ক্ষুব্ধ করেছে।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, সৌদি আরব মধপন্থি সিরীয় বিদ্রোহীদের জন্য প্রশিক্ষণ শিবির চালু করতে রাজি হয়েছে। তারা জঙ্গিদের বিরুদ্ধে ওবামার বৃহত্তর অভিযান পরিকল্পনার অংশ। যে জঙ্গিরা ইরাক এবং সিরিয়ার এক তৃতীয়াংশ এলাকা দখল করে নিয়েছে।

জেদ্দায় আরব দেশগুলো এবং তুরস্কের সঙ্গে বৈঠকে আঞ্চলিক এ মিত্রদের কাছ থেকে কি চান তা বিস্তারিত জানিয়ে পররাষ্ট্রবিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, আমাদের অভিযান আরো বাড়ানো প্রয়োজন। এ ব্যাপারে বিস্তারিত খুঁটিনাটি নিয়ে আলোচনার জন্য খুব শিগগিরিই প্রতিরক্ষামন্ত্রীদের একটি বৈঠক হবে।

আঞ্চলিক দেশগুলো তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দিলে ইরাক ও সিরিয়ায় আইএস এর ওপর যুক্তরাষ্ট্রের বিমান হামলা চালানো এবং বিমান বিধ্বংসী অস্ত্র আরো বেশি করে ব্যবহার করা সম্ভব হবে।