২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকের হাদিথা বাঁধ এলাকা ‘আইএস জঙ্গিমুক্ত’

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সহায়তায় হাদিথা বাঁধের বিস্তীর্ণ এলাকা থেকে আইএস জঙ্গিদের হটিয়ে দেয়ার দাবি করেছে ইরাকের সরকারি বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2014, 09:21 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের ইউফ্রাতিস নদীর ওপর নির্মিত এই বাঁধটি দখলের চেষ্টা চালাচ্ছিল জঙ্গিরা।

ইরাকের পূর্বাঞ্চলের বাইরে এখানেই প্রথম বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী।

পশ্চিম ইরাকের সরকারপন্থি সুন্নি আরব আদিবাসী নেতা শেখ আহমেদ আবু রিশা রয়টার্সকে বলেন, আইএস এর একটি দল বাঁধে হামলা চালানোর চেষ্টা করছিল। কিন্তু বাঁধের চারপাশে বিমান হামলা চালিয়ে তাদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দেয়া হয়েছে।

তিনি আরো বলেন, “তারা (বিমানবাহিনী) লক্ষ্যবস্তুতেই হামলা চালাতে সক্ষম হয়েছে এবং বাঁধের তেমন কোনো ক্ষতি হয়নি। ইসলামিক স্টেট বাঁধের দখল নিতে পারলে রাজধানী বাগদাদসহ ইরাকের বহু এলাকা গুরুতর হুমকির মুখে পড়ত।”

ইরাকের সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কাশেম আত্তা বলেন, “বিমান হামলার পর ইরাকের বাহিনী জঙ্গিদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালায় এবং হাদিথার পার্শ্ববর্তী এলাকা থেকেও জঙ্গিদের হটিয়ে দেয়।”

এ সময় তারা হাদিথার পূর্বদিকের বারওয়ানা অঞ্চল আইএস যোদ্ধাদের কাছ থেকে পুনর্দখল করে।