নথি ফাঁসের দায়ে মুরসির বিচার শুরু
মিশরের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোপন নথি ফাঁসের মামলায় দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।
শনিবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, বিপুল পরিমান অর্থের বিনিময়ে দোহাভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার মধ্যস্ততায় মিত্রদেশ কাতারের কাছে মুরসি গোয়েন্দা নথিগুলো হস্তান্তর করেছিলেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
কাতারের রাজতন্ত্র মিশরের ইসলামপন্থি দল মুসলিম ব্রাদারহুডের অন্যতম মিত্র। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মুরসি ওই দলের অন্যতম নেতা।
গত বছর সেনাবাহিনী মুরসিকে ক্ষমতাচ্যুত করার পর দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়।
সেনা সমর্থিত প্রশাসনের অধীনেই মুরসির বিরুদ্ধে হত্যা, জেল ভেঙ্গে পলানোসহ কয়েকটি অপরাধে বিচার শুরু হয়েছে। অবশ্য নিজের বিচারের জন্য গঠিত আদালতের বৈধতা নেই বলে দাবি করেন মুরসি।
মুরসির দল মুসলিম ব্রাদারহুডের আরো কয়েকজন শীর্ষনেতা এবং দলটির কয়েকশ মধ্যম সারিরকর্মীকে বিভিন্ন অপরাধে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
শনিবার আদালতে রাষ্ট্রপক্ষের কুশলী বলেন, “মুরসি ক্ষমতায় থাকাকালে এক মিলিয়ন ডলারের বিনিময়ে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত গোয়েন্দা নথি কাতারের কাছে হস্তান্তর করেছে। কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল জাজিরার মাধ্যমে তিনি এসব নথি হস্তান্তর করেন।”
তবে আল জাজিরা কর্মকর্তারা রয়টার্সকে জানান, “সাংবাদিকতার নীতিমালা অনুসারেই মিশরের কাছ থেকে তখনকার তথ্যগুলো সংগ্রহ করা হয়েছিল। সে কারণে আমরা তথ্যের উৎস নিয়ে কথা বলছি না। কিংবা এসব তথ্য সরকারকেও আমরা সরবরাহ করিনি।”
যেসব অভিযোগে মুরসির বিরুদ্ধে মামলা
* ২০১২ সালে মুরসির পদত্যাগের দাবিতে রাস্তায় নামা বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতা ছড়ানো।
* ২০১১ সালের জুলাইয়ে সাবেক প্রেসিডেন্ট হুসনি মোবারকের বিরুদ্ধে গণআন্দোলন চলাকালে কারা কর্মকর্তাকে হত্যা করে জেল থেকে পলায়ন।
* মুসলিম ব্রাদারহুডের অর্থনৈতিক নীতির সঙ্গে সংশ্লিষ্ট অনিয়ম।
* রাষ্ট্রীয় গোপন নথি বিদেশি সংস্থার কাছে হস্তান্তর।
* জঙ্গি তৎপরতা নিয়ে বিদেশি সংস্থাগুলোর সঙ্গে ষড়যন্ত্র।
