আল শাবাব নেতা গোদানে নিহত : যুক্তরাষ্ট্র
সোমালিয়ার জঙ্গি গোষ্ঠী আল শাবাবের অন্যতম নেতা আহমেদ আব্দি গোদানে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।
সোমবার রাতে গোদানেকে হত্যার জন্য মধ্য-দক্ষিণ সোমালিয়ায় আল শাবাবের একটি শিবিরে বিমান হামলা চালিয়েছিল যুক্তরাষ্ট্র। ওই সময় শিবিরটিতে গোপন বৈঠক করছিলেন শাবাবের নেতারা।
এ খবর নিশ্চিত করে পেন্টগনের প্রেসি সচিব রিয়ার অ্যাডমিরাল জন কিরবি এক বিবৃতিতে বলেছেন, “আমরা নিশ্চিত করছি, আল শাবাবের সহপ্রতিষ্ঠাতা আহমেদ গোদানে নিহত হয়েছেন।”
এই ঘটনাকে আল কায়েদা সমর্থিত ওই জঙ্গিগোষ্ঠীর জন্য “বড় ধরনের কৌশলগত বিপর্যয়” বলে বর্ণনা করেছেন তিনি।
২০০৮ সালে গোদানে আল শাবাবের নেতৃত্ব গ্রহণ করার পর জঙ্গিগোষ্ঠীটিকে নতুনভাবে ঢেলে সাজিয়ে আল কায়েদা নেটওয়ার্কের এক বিশ্ব খেলোয়াড়ে পরিণত করেন।
২০১৩ সালের সেপ্টেম্বরে কেনিয়ার একটি অভিজাত বিপণীবিতানে হামলা চালিয়ে অন্ততপক্ষে ৬৭ জনকে হত্যার মধ্যদিয়ে আল শাবাবের রূপান্তরিত ক্ষমতার পরিচয় প্রকাশ পায়।
ওই বছরের ২১ সেপ্টেম্বর কেনিয়ার ওয়েস্টগেটে শপিংমলে চালানো ওই হামলার দায়িত্ব প্রকাশ্য বিবৃতি দিয়ে স্বীকার করে নিয়ে গোদানে দাবি করেন, সোমালিয়ায় কেনিয়া ও পশ্চিমা বাহিনী জড়িয়ে পড়ায় প্রতিশোধ হিসেবে হামলাটি চালানো হয়েছে।
এই হামলাকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে চালানো টুইন টাওয়ার হামলার বার্ষিকী উদযাপনের কাছাকাছি সময়ে চালানো হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তার মৃত্যুতে আল শাবাব নেতৃত্বে একটি শূন্যতা তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে। আট বছর আগে একটি লড়াকু বাহিনী হিসেবে প্রতিষ্ঠার পর গোষ্ঠীটির একতা এই প্রথম একটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়লো বলেও ধারণা করা হচ্ছে।
ওয়েলসে নেটো সম্মেলনে উপস্থিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা এই সংবাদ নিশ্চিত করার কথা উল্লেখ করে সাংবাদিকদের বলেন, “আমরা সোমালিয়ায় আল শাবাবের নেতাকে হত্যা করেছি।”
আল শাবাবের অভিযান চালানোর সক্ষমতা গুঁড়িয়ে দেয়ার জন্য যুক্তরাষ্ট্র অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে এ সময় তিনি উল্লেখ করেন।
সোমালিয়ার প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদ গোদানের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সোমালি সরকারকে পুরো বিষয় অবহিত রেখে ও তাদের পূর্ণ সহযোগিতায় আল শাবাবের অবস্থানের ওপর ওই বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের বাহিনী।
