মিশরের জন্যেও হুমকি ইসলামিক স্টেট
মিশরের সবচেয়ে বিপদজনক জঙ্গি গোষ্ঠী আনসার বায়াত আল মাকদিসের জঙ্গিদের প্রশিক্ষণ দিচ্ছে বিদ্রোহী জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)।
এই উদ্যোগের মাধ্যমে আইএস মধ্যপ্রাচের মানচিত্র পাল্টে ফেলে বৃহত্তর আরব জাতির ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইকে জটিল করে তুলছে।
মিশরে মধ্যপ্রাচ্যের বর্তমানে সবচেয়ে সফল এই ‘জিহাদি’ গোষ্ঠীটির প্রভাববলয় প্রসারের পরিপ্রেক্ষিতে কায়রোতে উৎকণ্ঠা দেখা দিয়েছে। কারণ অভ্যন্তরীণ জঙ্গি তৎপরতা নিয়ে ইতোমধ্যেই চ্যালেঞ্জের মুখে আছে দেশটির সরকার।
২০১৩ সালে আনসার জঙ্গিদের হামলায় মিশরীয় নিরাপত্তা বাহিনীর কয়েকশ’ সদস্য নিহত হয়েছেন।
মিশরের সিনাইভিত্তিক এই সংগঠনটির নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন, কীভাবে আরো কার্যকরভাবে অভিযান পরিচালনা করতে হবে তার নির্দেশনা দিচ্ছে আইএস।
বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেন, “তারা আমাদের অভিযান কীভাবে পরিচালনা করতে হবে তা শেখাচ্ছেন। ইন্টারনেটের মাধ্যমে আমরা যোগাযোগ করছি।”
“আমাদের যোদ্ধা বা অস্ত্র দিচ্ছে না তারা, কিন্তু শেখাচ্ছে পাঁচজন নিয়ে কীভাবে গোপন সেল গঠন করতে হয়, এদের মধ্যে মাত্র একজনের সঙ্গেই অন্য সেলগুলোর যোগাযোগ থাকবে।”
জঙ্গি গোষ্ঠী ও মিশরীয় রাষ্ট্রটি পরস্পরের পুরনো শত্রু। আল কায়েদার কয়েকজন কুখ্যাত কমান্ডার মিশরীয়, যাদের মধ্যে বর্তমান প্রধান আয়মান আল জাওয়াহিরিও রয়েছেন।
একজনের পর একজন মিশরীয় প্রেসিডেন্ট জঙ্গি গোষ্ঠীগুলোকে নির্মূল করে দিয়েছেন, কিন্তু তারা আবার সংগঠিত হয়েছে।
আইএস সিরিয়া ও ইরাকের বিশাল অংশ দখল করে নেয়ায় মিশর উৎকণ্ঠিত হয়ে উঠেছে। কারণ দেশটি ইতোমধ্যেই সিনাইয়ে আনসার ও দেশের অপর প্রান্তে গাদ্দাফি পরবর্তী বিশৃঙ্খলার সুযোগে লিবিয়ার সীমান্ত এলাকায় প্রভাব বিস্তারকারী জঙ্গি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করছে।
অপরদিকে আইএস মধ্যপ্রাচ্যের প্রথম ‘জিহাদি’ গোষ্ঠী যারা একটি আরব সেনাবাহিনীকে (ইরাকি) বড় ধরনের অভিযান চালিয়ে পরাজিত করতে পেরেছে।
আল কায়েদার মতো আত্মঘাতী বোমা হামলা ও অতর্কিত আক্রমণ চালিয়ে পালিয়ে যাওয়ার কৌশল না দেখিয়ে আইএস একটি সুগঠিত সেনাবাহিনীর মতো ক্ষমতা প্রদর্শন করে চলছে। তারা মধ্যপ্রাচ্যের বিশাল এলাকা দখল করে সেগুলোর দখল ধরেও রেখেছে।
তারা পাশ্চাত্যের মদদপুষ্ট আরবরাষ্ট্রগুলোর জন্য নতুন হুমকি হয়ে দেখা দিয়েছ।
সিনাইয়ে মিশরীয় সেনাবাহিনীর অভিযানের মুখে আনসার কিছুটা বেকায়দায় রয়েছে। এতে তাদের সদস্যরা মিশরের বিভিন্ন জায়গায় পালিয়ে যেতে বাধ্য হয়েছেন বলে ওই জ্যেষ্ঠ কমান্ডার জানিয়েছেন। তবে গোষ্ঠীটি এখনও মিশরের নিরাপত্তার জন্য হুমকি হয়ে আছে।
এরই মধ্যে লিবীয় জঙ্গিদের সঙ্গে আনসারের পালিয়ে যাওয়া জঙ্গিদের যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে আনসারের সঙ্গে আইএস’রও যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছে। তিনদিক থেকে মিশরকে ঘিরে থাকা এই জঙ্গিগোষ্ঠীর বলয় মিশরের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দিতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
