যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতায় রাজি ইরান
ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সহযোগিতা করতে রাজি হয়েছে ইরান।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে আইএস কে পরাজিত করতে সহায়তা করার বিষয়টি অনুমোদন করেছেন।
ইরাকে আইএস এর বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসাবে আয়াতুল্লাহ যুক্তরাষ্ট্রের সঙ্গে এ সহযোগিতায় রাজি হন বলে বিবিসি’কে জানিয়েছে কয়েকটি সূত্র।
তেহরানে কয়েকটি সূত্র বলেছে, খামেনি তার শীর্ষ কমান্ডারদেরকে যুক্তরাষ্ট্র, ইরাকি এবং কুর্দি বাহিনীর সঙ্গে সামরিক অভিযানের সমন্বয় করার কর্তৃত্ব দিয়েছেন।
ইরান এতদিন সচরাচর ইরাকে যুক্তরাষ্ট্রের অভিযানের বিরোধিতা করে এসেছে। কিন্তু এখন ইরাকে সুন্নি চরমপন্থি জঙ্গি গোষ্ঠী আইএস কে একটি মারাত্মক হুমকি হিসাবেই দেখছে শিয়া ইরান।
গত মাসে যুক্তরাষ্ট্র ও কুর্দি বাহিনী বিমান হামলা চালিয়ে ইরাকের শিয়া শহর আমেরলিতে আইএস জঙ্গিদের দু’মাসের অবরোধের অবসান ঘটিয়েছে।
সম্প্রতি কয়েক মাসে ইরাকের উত্তর ও পশ্চিম এবং সিরিয়ার পূর্বাঞ্চলের বিশাল এলাকা দখল করে নিয়েছে আইএস। ইরাকের উত্তরাঞ্চলে কয়েকটি শহর দখল দখল করার পর অগাস্টে আইএস এর আস্তানাগুলোতে বিমান হামলা শুরু করে যুক্তরাষ্ট্রের বাহিনী।
ইরানের সর্বোচ্চ নেতা খামেনি এর আগে ইরাকে যুক্তরাষ্ট্র কিংবা বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের বিরোধী ছিলেন। কিন্তু এখন তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাওয়ার পদক্ষেপ নিলেন বলেই মনে করা হচ্ছে।
