২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে বিক্ষোভে ক্ষতি ৫৪ হাজার ৭শ’ কোটি রূপি

ইসলামাবাদে পিটিআই নেতা ইমরান খান ও পিএটি নেতা তাহির উল কাদরির সমর্থকদের সরকারবিরোধী আন্দোলনের কারণে রাষ্ট্রের ৫৪ হাজার ৭শ’ কোটি রূপি ক্ষতি হয়েছে বলে আদালতকে জানিয়েছে সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 07:41 PM

Updated : 25 Apr 2022, 04:39 PM

‘ডন’ অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইসলামাবাদের সরকার বিরোধী গণঅবস্থানের বিরুদ্ধে সর্বোচ্চ আদালতে করা একটি অবেদনের শুনানিতে আদালতকে এ তথ্য জানান রাষ্ট্রপক্ষের কুশলীরা।

প্রধান বিচারপতি নাসিরুল মুলকের নেতৃত্বে পাঁচজন বিচারকের আদালতে এদিন শুনানি অনুষ্ঠিত হয়।

গত ৩ সেপ্টেম্বরের শুনানিতে বিক্ষোভের কারণে অর্থনৈতিক ক্ষতির একটি প্রতিবেদন জমা দিতে এটর্নি জেনারেল সালমান আসলাম বাটকে নির্দেশ দেন বিচারক আনোয়ার জাহির জামালি।

নির্দেশ অনুযায়ী, শুক্রবার এ সংক্রান্ত তথ্য উপস্থাপন করেন এটর্নি জেনারেল। রাজনৈতিক অস্থিরতার কারণে কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান পাকিস্তানে তাদের সফর বাতিল করেছেন বলে আদালতকে জানান তিনি।

গত জাতীয় নির্বাচনে কারচুপির অভিযোগে এবং প্রধানমন্ত্রী নওয়াজের পদত্যাগ ও নির্বাচন পদ্ধতির সংস্কারের দাবিতে গত ১৪ অগাস্ট থেকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গণ-অবস্থান চালিয়ে যাচ্ছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ও পাকিস্তান আওয়ামি তেহরিকের (পিএটি) নেতাকর্মীরা। পিটিআই নেতা ইমরান খান ও পিএটি নেতা তাহির উল কাদরি বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছেন।

আন্দোলন শুরুর দুই সপ্তাহের মাথায় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে আগাতে শুরু করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। রাজনৈতিক অস্থিরতা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় দেশটিতে সেনা হস্তক্ষেপের আশঙ্কা করেন অনেক বিশ্লেষক।

তবে গত মঙ্গলবার থেকে কিছুটা নমনীয় হতে শুরু করেছে বিক্ষোভকারীরা। সরকার বিরোধী আন্দোলন থেকে বিরত থাকা পিপিপি ও জেআই নেতাদের মধ্যস্থতায় সমঝোতা প্রচেষ্টা শুরু হয়েছে বলে জানা গেছে।