রুপির বৃষ্টি ঝরালো বানর!
টাকার বালিশ-তোষকে ঘুমানোর স্বপ্ন কেউ কেউ দেখে থাকতেই পারেন! কিন্তু টাকার বৃষ্টি হতে পারে এ কল্পনা কি কেউ করেছেন? গল্প নয় কিংবা স্বপ্ন-কল্পনাও নয়। সত্যিই টাকার বৃষ্টি হয়েছে আর তা ঘটিয়েছে একটি বানর!
ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য হিমাচল প্রদেশে মানুষের ওপর রুপির বৃষ্টি ঝরিয়েছে সেই বানর।
রোববার সাপ্তাহিক ছুটির দিনে হিমাচলের প্রধান শহর সিমলায় এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।
ঘটনাস্থলে উপস্থিত বিস্মিত লোকজন দৌড়ে গিয়ে প্রায় এক ঘন্টা ধরে পড়ে থাকা ব্যাঙ্কনোটগুলো সংগ্রহ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বানরটি নিকটবর্তী একটি বাড়ি থেকে ১০ হাজার রুপি চুরি করে এনেছিল বলে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা গেছে।
এতে বলা হয়, ওই বাড়িতে বানরটি খাবারের সন্ধানে গিয়েছিল, কিন্তু খাবারের মতো কিছু না পেয়ে ওই অর্থ নিয়ে পালায়।
একটি টিনের চালার ওপর এক বান্ডিল রুপি হাতে বানরটিকে বসে থাকতে দেখে মানুষ জড়ো হয়। এ সময় খেলার ছলে বানরটি একটি একটি রুপি তুলে নিয়ে নিচে ছুঁড়ে দিতে থাকে।
বিভিন্ন ধরনের এই ব্যাঙ্কনোটগুলো মানুষ হুঁড়োহুড়ি করে তুলতে শুরু করলে বানরটি টিনের চাল থেকে একটি গাছে চলে যায়। সেখানে গিয়ে আবার অর্থ ছোঁড়া শুরু করে বানরটি।
পড়ন্ত নোটগুলো ধরার জন্য মানুষও সেখানে গিয়ে জড়ো হয়।
পুরো ঘটনার প্রত্যক্ষদর্শী অমিত কানওয়ার বলেন, “তার প্রতি মানুষের মনোযোগ দেখে আশ্চর্য হয়ে বানরটি বড় একটি পাইন গাছে গিয়ে চড়ে বসে। কিন্তু সেখানে বসেও সে নোট ছিটিয়ে চলে আর অর্থ সংগ্রাহকরাও তাকে অনুসরণ করে।”
চলতি বছর সিমলায় এ ধরনের দ্বিতীয় ঘটনা এটি। ফেব্রুয়ারিতে আরেকটি বানর অন্য একটি বাড়ি থেকে এক তাড়া নোট চুরি করে ব্যস্ত রাস্তায় লোকজনের মধ্যে বিলি করেছিল।
