শিরশ্ছেদ: আইএস’র সঙ্গে বিতর্ক চায় সলোফের পরিবার
ইরাকের জঙ্গিদের হাতে শিরশ্ছেদের শিকার মার্কিন সাংবাদিক স্টিভেন সলোফের পরিবারের সদস্যরা আইএস-এর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।
ইসলামের শান্তির শিক্ষার বিপরীতে জঙ্গি সংগঠনটির নেতা আবু বকর আল বাগদাদির কর্মকাণ্ডকে চ্যালেঞ্জ করে এ নিয়ে তার সঙ্গে মুক্ত বিতর্কের প্রস্তাব দিয়েছেন তারা।
মঙ্গলবার প্রচারিত এক ভিডিওতে সলোফকে শিরশ্ছেদ করার খবর জানায় ইসলামিক স্টেট বা আইএস। যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা ওই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সলোফ যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সাংবাদিক যাকে শিরশ্ছেদ করে আইএস। গতমাসেও তারা জেমস ফোলি নামের অপর মার্কিন সাংবাদিকের শিরশ্ছেদ করেছিল।
বৃহস্পতিবার সলোফের পরিবারের পক্ষ থেকে দেয়া একটি বিবৃতি সাংবাদিকদের পড়ে শোনান তার ঘনিষ্ঠ বন্ধু বারাক বরফি।
প্রয়াত বন্ধুর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমেরিকান ফুটবলের ভক্ত ছিলেন সলোফ। ‘সাউথ পার্ক’ নামের টেলিভিশন সিরিজটি দেখতে আর বাবার সঙ্গে গলফ খেলা নিয়ে কথা বলতে ভালোবাসতেন তিনি।
“তিনি তো কোনো যুদ্ধবাজ মানুষ ছিলেন না। সাধারণ মানুষের কাছে তিনি খবর পৌঁছে দিতে চাইতেন শুধু,” বলেন বরফি।
সলোফের হত্যাকারী আইএস এখন ইরাক ও সিরিয়ার বড় এলাকায় ‘ইসলামি খেলাফত’ প্রতিষ্ঠা করছে, যার নেতৃত্ব রয়েছেন আবু বকর আল বাগদাদি নামের একজন।
বিবৃতিতে বাগদাদিকে উদ্দেশ্য করে বলা হয়, “মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের শিক্ষা নিয়ে আমরা বাগদাদির সঙ্গে বিতর্ক করতে আগ্রহী। আপনার জন্য দুঃখ হয়। আপনি বলেন, রমজান মাস রহমতের মাস। কিন্তু কোথায় আপনার রহমত?”
“ঈশ্বর এ ধরনের আগ্রাসীদের পছন্দ করেন না।”
বারফি নিজেও একজন আরবি ভাষাভাষী পণ্ডিত। ওয়াশিংটনের ‘নিউ আমেরিকান ফাউন্ডেশনের’ একজন গবেষক তিনি।
বিবৃতি পাঠের শেষ দিকে বরফি বলেন, “কিভাবে ধর্মের প্রচার করতে হয় তা নিয়ে আপনার সঙ্গে আমি বিতর্কে করতে প্রস্তুত। আমার হাতে কোনো তলোয়ার কিংবা ধারালো অস্ত্রো নেই। আপনার জবাবের অপেক্ষায় আছি আমি।”
শিরশ্ছেদের শিকার সলোফ যুক্তরাষ্ট্রের মিয়ামি শহরে বড় হয়েছেন। সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন তিনি।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দ্বৈত নাগরিক ছিলেন সলোফ (৩১)। টাইম, ফরেন পলিসি, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স ও ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরসহ বেশ কয়েকটি পত্রিকায় লেখালেখি করতেন তিনি।
সংবাদ সংগ্রহ করতে ২০১৩ সালের অগাস্টে তুরস্কে হয়ে সিরিয়ায় যাওয়ার পর জঙ্গিদের হাতে অপহৃত হন তিনি।
