২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদার হুমকি: ভারতে সতর্কতা

আল কায়দা প্রধান আয়মান আল জাওয়াহিরি ভারতীয় শাখা খোলা ঘোষণা দেয়ার পর ভারত কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করেছে। ঊর্ধ্বতন এক সরকারি কর্মকর্তা একথা বলেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 05:48 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

অনলাইনে প্রকাশিত এক ভিডিও বার্তায় জাওয়াহিরি ভারতীয় উপমহাদেশজুড়ে ইসলামিক শাসন চালু করা এবং জিহাদের পতাকা সমুন্নত রাখার অঙ্গীকার করেন। সরকার একে সত্যিকারের হুমকি বলেই মনে করছে এবং স্থানীয় সরকারগুলোকে সতর্ক করেছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আল কায়েদার ভিডিওটি নিয়ে আলোচনার সময় একটি নিরাপত্তা ব্রিফিংয়ে একথা বলেন এক কর্মকর্তা। বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে এবং সতর্ক সঙ্কেতও দেয়া হয়েছে বলে জানান তিনি।

ভারতের অভ্যন্তরে জঙ্গি তৎপরতা এবং পাকিস্তানের মাটি থেকে ভারতে সন্ত্রাসী তৎপরতার কারণে দেশটির নিরাপত্তা বাহিনী সাধারণত সতর্ক অবস্থাতেই থাকে। এর মধ্যে আল কায়েদার হুমকি মোকাবেলায় বাড়তি কি সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হচ্ছে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট জানা যায়নি।

এখন পর্যন্ত ভারতে আল কায়েদার উপস্থিতির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

বুধবার প্রকাশিত ৫৫ মিনিটের ভিডিও বার্তায় উপমহাদেশে আল-কায়েদার শাখা গঠনকে বাংলাদেশ, মিয়ানমার, আসাম, গুজরাট, আহমদাবাদ ও কাশ্মিরের মুসলমানদের জন্য ‘আনন্দের খবর’ বলে অভিহিত করেন জাওয়াহিরি।

বার্তায় দুইবার ভারতের নতুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাটের নাম উল্লেখ করা হয়েছে। ইসলামিক দলগুলোর জন্য হামলার লক্ষ্য হচ্ছেন কট্টর হিন্দু জাতীয়তাবাদী নেতা মোদি। ২০০২ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালে হিন্দু মুসলিম দাঙ্গা ঠেকানো নিয়ে মোদি তীব্র সমালোচনার শিকার হওয়ার কারণে তাকে ঘৃণার চোখেই দেখে ইসলামিক দলগুলো।

গুজরাটের স্বরাষ্ট্রদপ্তরে সবচে ঊর্ধ্বতন কর্মকর্তা এসকে নন্দ বলেন, আল কায়েদার ভিডিও’র মুখে আমরা আরো বেশি সতর্ক অবস্থায় থাকব। রাজ্যের প্রতি যে হুমকি সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাব। রাজ্যটিতে উচ্চমাত্রার সতর্ক সঙ্কেতের আওতায় সন্দেহজনক জায়গাগুলোতে তথ্যদাতাদের নেটওয়ার্ক আরো সক্রিয় রাখা হবে।

নাম প্রকাশে অনিচ্ছক এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকতা বলেছেন, ২০০২ সালের দাঙ্গার পর থেকেই গুজরাট জঙ্গিদের বড় টার্গেট। আর এখন নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হওয়ার কারণে সেখানে আরো বেশি সতর্কতা জারি রাখা হবে।