২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউক্রেইন শান্তি চুক্তি শুক্রবারের মধ্যে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি শুক্রবারের মধ্যে ইউক্রেইন এবং রুশপন্থি বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তি হবে বলে আশা করছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

পুতিন পূর্ব ইউক্রেইনে দুপক্ষকেই সামরিক তৎপরতা বন্ধের আহ্বান জানিয়েছেন। ইউক্রেইনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কোর সঙ্গে তার দৃষ্টিভঙ্গিরও অনেক মিল আছে বলে উল্লেখ করেন পুতিন।

এর আগে পোরোশেঙ্কো জানিয়েছিলেন, পুতিনের সঙ্গে যুদ্ধবিরতি প্রক্রিয়া শুরু করতে রাজি হয়েছেন তিনি।

পোরোশেঙ্কোর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়, শান্তি প্রতিষ্ঠায় করণীয় কিছু পদক্ষেপের প্রেক্ষাপটে দু’নেতা পারষ্পরিক সমঝোতায় পৌঁছেছেন।

এরপরই পুতিন শুক্রবারের মধ্যে দুপক্ষে শান্তি চুক্তি হওয়ার সম্ভাবনার কথা জানালেন।

মঙ্গোলিয়ার রাজধানী উলান বাতোরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পুতিন বলেন, শুক্রবার মিনস্কে আলোচনা শুরুর সময় দুপক্ষেরই চুক্তিতে উপনীত হওয়া দরকার।

পোরোশেঙ্কোর সঙ্গে ফোন আলাপের কথা উল্লেখ করে তিনি বলেন, “সংঘাত নিরসনের পথে আমাদের দৃষ্টিভঙ্গি খুব কাছাকাছি বলেই আমার মনে হয়”।

বুধবার দুই প্রেসিডেন্ট ফোনালাপ করে তাদের নিজ নিজ মত প্রকাশ করেছেন এবং সংঘাত নিরসনের সম্ভাব্য পথ বের করার চেষ্টা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন।

পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ প্রাথমিক খবরে বলেছেন, ইউক্রেইন বাহিনী এবং মিলিশিয়াদের মধ্যে যুদ্ধবিরতি করতে সহায়ক কিছু পদক্ষেপ নিয়ে আলাপ করেছেন পুতিন ও পোরোশেঙ্কো।

রাশিয়া এবং ইউক্রেইনের মধ্যে শান্তির পথে আগানোর ব্যাপারে পারষ্পরিক এ সমঝোতাকে ইতিবাচক লক্ষণ হিসাবেই দেখা হচ্ছে।

পুরনো খবর:

‘যুদ্ধবিরতি প্রক্রিয়ায়’ রাজি ইউক্রেইন