আফগানিস্তানে গোয়েন্দা সদরদপ্তরে বোমা হামলা
আফগানিস্তানে জাতীয় গোয়েন্দা সংস্থার সদরদপ্তরে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ছয়জনকে হত্যা করেছে তালেবান জঙ্গিরা।
শনিবার পূর্বাঞ্চলীয় নানগরহার প্রদেশে ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটির (এনডিএস) সদরদপ্তরে হামলা চালানো হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আহমেদ জিয়া আব্দুলজাই জানান, জঙ্গিরা ছোট একটি বিস্ফোরক ভর্তি গাড়ি ও একটি ট্রাক নিয়ে দপ্তরের অভ্যন্তরে ঢুকে পড়লে নিরাপত্তা রক্ষীদের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। কয়েক ঘণ্টা ধরে চলা ওই সংঘর্ষে এনডিএস’র চার সদস্য ও দুই বেসামরিক নাগরিক নিহত হন।
নিরাপত্তাকর্মীদের পাল্টা আক্রমণে হামলাকারীদেরও সাতজন নিহত হন বলে জানান তিনি।
হামলার বিষয়ে এনডিএফের কোনো বক্তব্য নিতে পারেনি রয়টার্স। তালেবান ওই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
