১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

টেক্সাসে বিমানবন্দরের শৌচাগারে হচ্ছে অজুখানা

প্রকল্পটি নিয়ে কিছু রিপাবলিকান ক্ষোভ প্রকাশ করলেও অনেকে আবার বিষয়টি নিয়ে শান্ত থাকতে ও বস্তুনিষ্ঠভাবে দেখার আহ্বান জানিয়েছেন।

টেক্সাসে বিমানবন্দরের শৌচাগারে হচ্ছে অজুখানা
ডালাস-ফোর্ট ওর্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ছবি: রয়টার্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2026, 10:57 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

যুক্তরাষ্ট্রের টেক্সাসে ডালাস-ফোর্ট ওর্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের শৌচাগারগুলোতে মুসলমানদের জন্য অজুখানা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

ফক্স নিউজ লিখেছে, চলতি বছরের মধ্যেই এর কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।

বিমানবন্দরটির টার্মিনাল ডি এর ভেতরে কনকোর্স লেভেলের শৌচাগারগুলোতে পুরুষদের জন্য একটি ও নারীদের জন্য একটি অজুখানা তৈরি করা হবে। গত ৩১ জুলাই টেক্সাসের নিয়ন্ত্রক সংস্থা এর অনুমোদন দিয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন হবে বেসরকারি অর্থায়নে; খরচ হবে আনুমানিক ৩ লাখ ডলার।

যুক্তরাষ্ট্রের অন্যান্য প্রধান বিমানবন্দরের শৌচাগারগুলোতে অজুর ব্যবস্থা ও প্রার্থনা কক্ষ থাকলেও ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে নেই।

ফলে ডালাস-ফোর্ট ওর্থ বিমানবন্দরে শৌচাগারগুলোতে অজু করতে গিয়ে মেঝে ও বেসিনের উপরের অংশে পানি জমে থাকার সমস্যা রয়েছে। মূলত এ কারণেই অজুর জন্য আলাদা ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রকল্পটি নিয়ে কিছু রিপাবলিকান ক্ষোভ প্রকাশও করছেন। অনেকে আবার বিষয়টি নিয়ে শান্ত থাকতে ও বস্তুনিষ্ঠভাবে দেখার আহ্বান জানিয়ে বলছেন, অজুর জন্য আলাদা ব্যবস্থার মানে কোনো আদর্শকে চাপিয়ে দেওয়া নয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও যাত্রীদের সুবিধার জন্যেই এটি করা হচ্ছে।