২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩০ মিনিটে চিতাবাঘ ঘায়েল করলেন প্রৌঢ়া!

ভারতে চিতাবাঘের হামলার মুখে পড়ে প্রায় আধঘণ্টা লড়াই করে প্রাণে বেঁচে এসেছেন পঞ্চাশোর্ধ এক বিধবা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2014, 09:57 PM

Updated : 25 Apr 2022, 04:36 PM

যুক্তরাজ্যের ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার প্রতিবেদনে বলা হয়, গত ২৪ অগাস্ট উত্তরাখন্ড রাজ্যের নির্জন এক গ্রামে চিতাবাঘের আক্রমণের মুখে পড়েন কমলা দেবী (৫৬)।

নালা থেকে ফসলি জমিতে পানি দেয়ার সময় পাশের জঙ্গল থেকে একটি চিতাবাঘ তার ওপর হামলে পড়ে। প্রাণ বাঁচাতে প্রায় আধঘণ্টা ধরে হাতে থাকা কাস্তে আর শাবল নিয়ে লড়াই চালিয়ে যান কমলা।

লড়তে গিয়ে বাঘের নখের আঘাতে দেহের নানা জায়গা ক্ষতবিক্ষত হয় কমলার।অবশ্য এক পর্যায়ে বাঘটিকে হত্যা করতে সক্ষম হন তিনি।

সদ্য বিধবা হওয়া এক সন্তানের মা কমলা সিএনএন-আইবিএন’কে বলেন, “বাঘটি আমার ওপর কয়েকবার হামলে পড়েছিল। আমি হাতে থাকা কাস্তেটি শক্ত করে ধরে রেখেছিলাম, বাঘটিকে হত্যা করার আগ পর্যন্ত এটা দিয়েই আত্মরক্ষার চেষ্টা করেছি।”

দীর্ঘ সময়ের লড়াইয়ে গুরুতর আহত হলেও তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করার মতো কেউ ঘটনাস্থলে ছিল না। ফলে দেহে জখম নিয়েই পঞ্চাশোর্ধ ওই নারীকে প্রায় আধমাইল পথ পাড়ি দিতে হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়।

ওই নারীকে এখন স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার শরীরের বিভিন্ন জায়গায় বাঘের আঁচড় লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।