যাত্রীদের ঝগড়া: বিমানের জরুরি অবতরণ
দুই যাত্রীর কথা কাটাকাটির কারণে যুক্তরাষ্ট্রে জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে একটি বিমান।
যুক্তরাজ্যের ‘দ্য টেলিগ্রাফ’ পত্রিকার খবরে বলা হয়, ইউনাইটেড এয়ারলাইন্সের ১৪৬২ ফ্লাইটটি রোববার যুক্তরাষ্ট্রের নেওয়ার্ক থেকে ডেনভার যাচ্ছিল।
দুই যাত্রীর মধ্যে কথা কাটাকাটি ও অপ্রীতিকর ঘটনার পর ফ্লাইটটি গতিপথ পরিবর্তন করে শিকাগো বিমানবন্দরে জরুরি অবতরণ করে।
অভিযোগ পাওয়া যায়, বিমানের এক যাত্রী নিজ আসনের সামনে ‘নি ডিফেন্ডার’ (সামনের আসন থেকে হাটু রক্ষার ব্যবস্থা) স্থাপন করেন। সেখানে নিজের ল্যাপটপ স্থাপন করে জরুরি কাজ শুরু করেন তিনি।
পত্রিকাটির খবরে আরো বলা হয়, চলন্ত বিমানে নি ডিফেন্ডার বাঁধা নিষেধ। এক নারী যাত্রী সেটি খুলতে বললেও তা না খুলে নিজের কাজ করতে থাকেন পেছনের ওই যাত্রী।
এতে সামনের নারী যাত্রী নিজের সীট হেলানোতে ব্যর্থ হওয়ায় পেছনের যাত্রীর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই ল্যাপটপ ব্যবহারকারীর দেহে পানি ছুড়ে মারেন নারী যাত্রীটি।
তাদের ঝগড়ার কারণে পাইলট শিকাগো বিমানবন্দরে জরুরি অবতরণ করেন। এ ঘটনায় বিমানের দুই যাত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, ফ্লাইটে ল্যাপটপ ব্যবহার করা যাবে কী যাবে না, তা সংশ্লিষ্ট বিমান কোম্পানিই নির্ধারণ করে থাকেন। তবে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিমানেই ‘নি ডিফেন্ডার’ ব্যবহার করা নিষিদ্ধ।
