১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ

ইরানের তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর এবং বন্দর ইমাম খোমেইনিসহ বেশ কয়েকটি শহরে সোমবার ভোরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ
ছবি: রয়টার্স

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2026, 08:56 PM

Updated : 11 Sep 2026, 03:42 PM

ইরানে সোমবার টানা নবম দিনের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ইরান জানিয়েছে, হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটেছে এবং সেগুলো অচল হয়ে পড়েছে। 

এই ঘটনার পর গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক নৌপথ দিয়ে বাণিজ্য জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ আরও বেড়েছে। 

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, প্রণালির গুরুত্বপূর্ণ নৌপথে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতে তারা নতুন দফায় এই হামলা শুরু করেছে। 

অন্যদিকে, ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, সোমবার ভোরে দেশটির তাবরিজ, চাবাহার, কোনারাক, বন্দর মাহশাহর এবং বন্দর ইমাম খোমেইনিসহ বেশ কয়েকটি শহরে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।

ওদিকে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে পাল্টা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তারা জর্ডানের আকাবা বিমানবন্দরে মার্কিন উড়োজাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। 

পাশাপাশি কুয়েতের আল-আদিরি ক্যাম্প ও আলি আল সালেম বিমান ঘাঁটি এবং সিরিয়ায় থাকা মার্কিন সামরিক লক্ষ্যবস্তু ও সরঞ্জাম লক্ষ্য করেও হামলা চালানো হয়। কুয়েত জানিয়েছে, তারা ইরানের বেশ কয়েকটি শত্রুতাপূর্ণ ড্রোন প্রতিহত করেছে। 

তবে দেশটির একটি পানি শোধন কেন্দ্রে (ডেসালিনেশন প্ল্যান্ট) টানা দ্বিতীয় দিনের মতো হামলায় আগুন ধরে গেছে, যাকে বেসামরিক অবকাঠামোতে সরাসরি আঘাত হিসেবে উল্লেখ করেছে কুয়েত সরকার। 

এছাড়া, সোমবার সকালে বাহরাইনেও সতর্কতাসূচক সাইরেন বাজানো হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজে ইরানের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ওয়াশিংটন তাদের অভিযান বজায় রাখবে। 

তিনি উল্লেখ করেন, ইরান যতদিন এই আন্তর্জাতিক জলপথ নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে, ততদিন যুক্তরাষ্ট্র পাল্টা জবাব দেবে, তবে ওয়াশিংটন সবসময়ই একটি কূটনৈতিক সমাধানের পক্ষে উন্মুক্ত।

আইআরজিসি দাবি করেছে, হরমুজ প্রণালির ঝুঁকিপূর্ণ দক্ষিণ রুট দিয়ে যাওয়ার সময় দুটি তেলবাহী ট্যাংকারে বিস্ফোরণ ঘটে এবং সেগুলো অচল হয়ে পড়ে। 

মার্কিন সামরিক বাহিনীর প্ররোচনার কারণেই জাহাজ দুটি এই পথ ব্যবহার করেছিল বলে ইরান অভিযোগ করেছে। 

তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এই দাবির সত্যতা নিশ্চিত করতে পারেনি। এই উত্তেজনার জেরে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল উল্লেখযোগ্য হারে কমে গেছে। 

বৈশ্বিক আর্থিক তথ্য সরবরাহকারী সংস্থা এলএসইজি-এর তথ্য অনুযায়ী, রোববার মাত্র ৪টি জাহাজ এই প্রণালি পার হয়েছে, যা আগের দিনের তুলনায় অর্ধেক। এই সংকটের কারণে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ২ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়িয়েছে।

যুদ্ধের সর্বশেষ পরিস্থিতিতে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইরাকে একটি ভূপাতিত ইরানি ড্রোনের অবিস্ফোরিত গোলা ধ্বংস করার সময় এক মার্কিন সেনা নিহত হয়েছেন। 

এর আগে জর্ডানে আরও দুই মার্কিন সেনা নিহত ও একজন নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। 

সেন্টকম জানিয়েছে, গত শুক্রবারের হামলাস্থল থেকে অশনাক্তকৃত কিছু মরদেহাবশেষ উদ্ধার করা হয়েছে এবং তা পরিচয় নিশ্চিতকরণের জন্য পরীক্ষা করা হচ্ছে। 

এ নিয়ে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৭ জন মার্কিন সেনা নিহত এবং ৪২০ জনেরও বেশি আহত হলেন।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিষ্ক্রিয় করতে এবং তাদের আঞ্চলিক প্রক্সিগুলোকে দুর্বল করতে দেশটিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মাধ্যমে এই সংঘাতের সূত্রপাত হয়। 

এর ফলে ইতিমধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে, যাদের বড় অংশই ইরান ও লেবাননের বাসিন্দা। 

এক মাস আগে একটি অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে দুই পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার এই চক্র তীব্র আকার ধারণ করেছে।