১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভিয়েতনামের ফু কুওক দ্বীপের উপকূলে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু

নৌকাটিতে ৩৬ জন আরোহী ছিলেন, তাদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য ও একজন সহকারী।

ভিয়েতনামের ফু কুওক দ্বীপের উপকূলে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
নৌকাটি হন মে রুত দ্বীপ থেকে ফু কুওকের আন থয় বন্দরে যাচ্ছিল। ছবি: এনডিটিভি

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 09:33 PM

Updated : 11 Sep 2026, 03:38 PM

ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ফু কুওকের উপকূলে একটি নৌকা উল্টে অন্তত ১৫ জন ভারতীয় পর্যটকের মৃত্যু হয়েছে। 

রয়টার্সের খবরে বলা হয়েছে, শনিবার এ ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষকে উদ্ধৃত করে জানিয়েছে ভিএনএক্সপ্রেস। 

ওই প্রতিবেদন অনুযায়ী, নৌকাটিতে ৩৬ জন আরোহী ছিলেন, তাদের মধ্যে ৩২ জন ভারতীয় পর্যটক, তিনজন ক্রু সদস্য ও একজন সহকারী। এদের মধ্যে ২১ জন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। 

ভিয়েতনামের ভারতীয় দূতাবাস জানিয়েছে, তারা ঘটনাটি পর্যবেক্ষণ করছে আর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করতে হো চি মিন সিটি ও হ্যানয়ে জরুরি রেসপন্স কেন্দ্র প্রতিষ্ঠা করেছে। 

দূতাবাস ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে বর্ণনা করে বলেছে, “স্থানীয় কর্তৃপক্ষ তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করছে। ঘটনার সঠিক বিবরণ যাচাই করা হচ্ছে।” 

কর্তৃপক্ষের বরাত দিয়ে ভিএনএক্সপ্রেস জানিয়েছে, নৌকাটি হন মে রুত দ্বীপ থেকে ফু কুওকের আন থয় বন্দরে যাচ্ছিল। সাগর পথে ৪০০ মিটার এগোনোর পর নৌকাটি উল্টে যায়। তখন সাগর উত্তাল ছিল, তখন ওই এলাকায় বিশাল সব ঢেউ বইছিল। 

ফু কুওক ভিয়েতনামের বৃহত্তম দ্বীপ। এটি দেশটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্য। কয়েক বছর ধরে বহু ভারতীয় পর্যটক দ্বীপটিতে যাচ্ছেন।