২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি মেডেল ফিরিয়ে দিলেন ডাচ নাগরিক

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৬ স্বজন নিহত হওয়ার প্রতিবাদে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মানবিক অবদানের জন্য দেয়া ইসরায়েলি সম্মান ফিরিয়ে দিয়েছেন নেদারল্যান্ডসের এক নাগরিক।

নিউজ ডেস্ক

>>, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 01:24 PM

Updated : 19 Sep 2026, 02:21 PM

শনিবার বিবিসি জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে হিটলারের নাজি বাহিনীর তীক্ষ্ণ নজরদারি থেকে এক ইহুদি শিশুকে লুকিয়ে রেখেছিলেন হেঙ্ক য্যানোলি।

১৯৪৩-৪৪ সালে য্যানোলিদের বাড়িতে নিরাপদ আশ্রয় পেয়েছিল ওই ইহুদি শিশু। এ অবদানের জন্য ২০১১ সালে য্যানোলি ও তার মাকে “রাইথেয়াস অ্যামং দ্য ন্যাশন” পুরস্কারে ভূষিত করে সম্মান জানিয়েছিল ইসরায়েল।

দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদি নিধন চলাকালে অন্য ধর্মবিশ্বাসের যারা ইহুদিদের আশ্রয় দিয়ে রক্ষার জন্য নিজেদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিলেন, ইসরায়েল রাষ্ট্রের পক্ষ থেকে তাদের এ সম্মান দেয়া হয়।

৯১ বছর বয়সী য্যানোলি দ্য হেগে অবস্থিত ইসরায়েলি দূতাবাসে চিঠি লিখে জানিয়েছেন তিনি ইসরায়েলের দেয়া সম্মান আর বহন করতে পারবেন না।

তিনি জানিয়েছেন, সাম্প্রতিক অভিযানের সময় একটি ইসরায়েলি এফ-১৬ জঙ্গি বিমান গাজায় তার ভাই (বা বোনের) দিকের নাতির বাড়ি ধ্বংস করে বাড়ির সবাইকে হত্যা করেছে।

ইসরায়েলি হারেৎজ সংবাদপত্রে প্রকাশিত এক চিঠিতে য্যানোলি বলেছেন, “আমাকে দেয়া ইসরায়েলি রাষ্ট্রের সম্মান এই পরিস্থিতিতে বহন করা আমার পরিবারের সদস্যদের জন্য অপমানজনক হবে, যারা গাজায় তাদের অন্ততপক্ষে ছয় স্বজনকে হারিয়েছেন।”

“আমার মা’র নাতির ছেলেমেয়ারা তাদের দাদিকে, তাদের তিনজন চাচাকে, এক চাচীকে এবং এক চাচাতো ভাইকে হারিয়েছেন,” লিখেছেন তিনি।

২০ জুলাই গাজায় ইসরায়েলি বিমান হামলায় এরা নিহত হন।

য্যানোলির ভাইয়ের ঘরের নাতনি একজন ডাচ কূটনীতিক। তিনি ফিলিস্তিনি অর্থনীতিবিদ ইসমাইল জিয়াদাহ’কে বিয়ে করেছেন। গাজা শহরের একটি শরণার্থী শিবিরে জিয়াদাহ’র জন্ম হয়েছিল।

ইসরায়েলি বিমানের বোমা হামলায় জিয়াদাহ’র মা, তার তিন ভাই, এক ভাবী ও নয় বছর বয়সী এক ভাতিজা নিহত হয়েছেন এবং তাদের বাড়িটি বিধ্বস্ত হয়েছে।

অবসর নেয়া আইনজীবী য্যানোলি গাজায় ইসরায়েলি অভিযানের তীব্র সমালোচনা করে সতর্ক করে বলেছেন, এ ধরনের হামলা ইসরায়েলকে সম্ভাব্য “যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ”র জন্য অভিযুক্ত করা হতে পারে।

য্যানোলি’র এ পদক্ষেপের ব্যাপারে যোগাযোগ করা হলে দ্য হেগের ইসরায়েলি দূতাবাস মন্তব্য করতে অপরাগতা জানিয়েছে।