২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জন কেরির দপ্তরে জিয়াউদ্দিন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত এম জিয়াউদ্দিন দেশটির পররাষ্ট্র দপ্তরে গিয়ে তার পরিচয়পত্রের অনুলিপি হস্তান্তর করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্র প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2014, 11:32 AM

Updated : 22 Aug 2022, 06:54 PM

গত বৃহস্পতিবার তিনি পররাষ্ট্র দপ্তরে এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রাচার প্রধান রাষ্ট্রদূত পিটার এ সেলফ্রিজের কাছে তা তুলে দেন।

বাংলাদেশের নতুন রাষ্ট্রদূতকে অভিনন্দন জানিয়ে তাকে ‘চিফস অব ডিপ্লোমেটিক মিশন লেপেল পিন’ উপহার দেন সেলফ্রিজ।

তিনি আশা প্রকাশ করেন, জিয়াউদ্দিনের কর্মকালে ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নতুন মাত্রা পাবে।

ওয়াশিংটনে বাংলাদেশের মিশন উপ-প্রধান মুহম্মদ আব্দুল মুহিতও রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের সঙ্গে এই অনুষ্ঠানে ছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে রাষ্ট্রদূত জিয়াউদ্দিনের আনুষ্ঠানিক পরিচয়পত্র প্রদানের অনুষ্ঠানটি শিগগিরই হবে বলে জানানো হয়েছে।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশের চতুর্দশ রাষ্ট্রদূত হিসেবে জিয়াউদ্দিন বৃহস্পতিবারই যোগ দেন। তিনি আকরামুল কাদেরের স্থলাভিষিক্ত হলেন।

অবসরপ্রাপ্ত এই কূটনীতিক কর্মজীবনে দেশে ও বিদেশে বহু দায়িত্ব পালন করেন। ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ অফ প্রটোকলের দায়িত্বেও ছিলেন তিনি।

শেখ হাসিনা ২০০৯ সালে সরকার গঠনের পর জিয়াউদ্দিনকে অ্যাম্বাসেডর অ্যাট লার্জ হিসেবে নিয়োগ দেন।

এই মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার পরও তাকে সঙ্গে রাখেন শেখ হাসিনা। এখন তাকে নতুন দায়িত্ব দিয়ে ওয়াশিংটন পাঠানো হল।