২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে ৮০ ইয়াজিদিকে হত্যা করেছে ইসলামিক স্টেট

ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি-বিদ্রোহীরা ইরাকের উত্তরাঞ্চলের একটি গ্রামে সংখ্যালঘু ইয়াজিদি সম্প্রদায়ের ৮০ জনকে হত্যা করেছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 16 Aug 2014, 11:20 AM

Updated : 22 Aug 2022, 06:54 PM

শুক্রবার একজন ইয়াজিদি আইনপরিষদ সদস্য (এমপি) ও দুজন কুর্দি কর্মকর্তা “নির্বিচার” এ হত্যাকাণ্ডের কথা জানিয়েছেন।

বিবিসি জানিয়েছে, শুক্রবার বিকেলে আইএস’র জঙ্গিরা সিনজার থেকে ৪৫ কিমি দূরের কোচো গ্রামে প্রবেশ করে লোকজনকে ইসলাম ধর্ম গ্রহণ করতে অথবা মৃত্যুকে বরণ করে নিতে বলে।

জ্যেষ্ঠ কুর্দি কর্মকর্তা হোশিয়ার জেবারি বলেছেন, “বিকেলে তারা অনেকগুলো গাড়িতে করে এসে হত্যাকাণ্ড শুরু করে। আমাদের ধারণা ‘ধর্ম পরিবর্তন অথবা হত্যা’, এই নীতি অনুসারে তাদের হত্যা করা হয়েছে।”

একজন ইয়াজিদি এমপি এবং অপর এক কুর্দি কর্মকর্তা হত্যাকাণ্ডের কথা নিশ্চিত করে গ্রামটির নারীদের অপহরণ করা হয়েছে বলে জানিয়েছেন।

এমপি মাহামা খলিল জানিয়েছেন, তিনি হামলা থেকে বেঁচে যাওয়া গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছেন। এক ঘণ্টার মধ্যে সবাইকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

পাশের এক গ্রামবাসী জানিয়েছেন, তাদের এলাকার এক আইএস যোদ্ধা তাকে ওই হত্যাকাণ্ডের বিস্তারিত জানিয়েছেন।

তিনি বলেছেন, “সে আমাকে জানিয়েছে, ওই গ্রামের বাসিন্দাদের ইসলাম ধর্মে দিক্ষিত করার জন্য পাঁচদিন ধরে চেষ্টা করেছে আইএস, আর আজকে (শুক্রবার) এই বিষয়ের ওপর একটি দীর্ঘ বক্তৃতা দেয়া হয়। তারপর সেখানে আসা পুরুষদের জড়ো করে হত্যা করা হয়।”

“সেখানে থাকা নারী ও মেয়েদের সম্ভবত তাল আফারে নিয়ে যাওয়া হয়েছে, কারণ বিদেশি যোদ্ধারা সেখানেই আছেন,” বলেন তিনি।

পাশের গ্রামের এই লোকের বক্তব্য অন্যকোনো সূত্রের মাধ্যমে যাচাই করা সম্ভব হয়নি বলে জানিয়েছে রয়টার্স।

উত্তর ইরাকে অভিযান চালানোর সময় ইসলামিক স্টেটের জঙ্গিরা অন্ততপক্ষে ৫শ’ ইয়াজিদিকে হত্যা করেছে, ইরাকের মানবাধিকার মন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি গত রোববার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন।

আইএস’র সুন্নি জঙ্গিরা নারী ও শিশুসহ বেশ কয়েকজনকে জীবন্ত কবর দিয়েছে বলে জানিয়েছেন আল সুদানি। এছাড়া ৩শ’ নারীকে দাস হিসেবে অপহরণ করা হয়েছে বলে দাবি করেছেন তিনি।

উত্তর ইরাকে আইএস জঙ্গিদের তাড়ায় ইয়াজিদি ও ওই এলাকার খ্রিস্টানরা পালিয়ে আরো উত্তরের পবর্তমালায় আশ্রয় নিয়েছিল, এদের রক্ষা করতে এবং আইএস’র অগ্রযাত্রা থামাতে জঙ্গিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছিল যুক্তরাষ্ট্র।