২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তে এগুচ্ছে রুশ ত্রাণবহর, দোনেস্কে গোলা

রাশিয়ার ত্রাণবহর ইউক্রেইন সীমান্তের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দোনেস্ক শহরে প্রচণ্ড গোলা হামলা শুরু হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2014, 07:28 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

বৃহস্পতিবার প্রথম শুরু হওয়া এ গোলা হামলায় অন্তত একজন নিহত হয়েছে।

ইউক্রেইনের সরকারি বাহিনী রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের ওপর নিয়ন্ত্রণ জোরদারের চেষ্টা চালানোয় আতঙ্কে পালাচ্ছে অধিবাসীরা। অনেকেই ছুটে যাচ্ছে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছে।

তবে গোলা হামলা সরকারি বাহিনী নাকি বিদ্রোহীরা চালাচ্ছে তা তাৎক্ষণিকভাবে পরিস্কার জানা যায়নি।

পার্ক ইন র্যাকডিসন হোটেল থেকে ২শ’ মিটার দূরে গিয়ে পড়া দুটো গোলায় জানালা ভেঙে যায়। এবং বিস্ফোরণে একটি এপার্টমেন্ট ব্লকের তৃতীয় তলায় একটি বড় গর্ত হয়ে যায়।

২ হাজার টন শিশুখাদ্য, পানি ও অন্যান্য ত্রাণ নিয়ে রাশিয়ার ত্রাণবহর রাশিয়ার দক্ষিণাঞ্চলের মধ্য দিয়ে ইউক্রেইন সীমান্তের দিকে অগ্রসর হয়েছে। ওদিকে, কিয়েভ আবারো বলেছে, ইউক্রেইন কর্তৃপক্ষ ক্লিয়ারেন্স না দেয়া পর্যন্ত তা অঞ্চলে ঢুকতে পারবে না।

ত্রাণবহর ঢোকার আগে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তা পর্যবেক্ষণ করবেন বলে জানিয়েছে ইউক্রেইন।

২৮০ টি ট্রাক ত্রাণ নিয়ে মঙ্গলবার মস্কো থেকে পূর্ব ইউক্রেইনের লুহান্সকে রওনা হয়। যেখানে প্রধান শহরটি রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে।

মানবিক সহায়তার নাম করে রাশিয়া পূর্ব ইউক্রেইনে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে বলে এর আগে হুঁশিয়ার করেছিল পশ্চিমা দেশগুলো। এরই মধ্যে সোমবার ইউক্রেইনে ত্রাণ পাঠানোর ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়া সীমান্তঅঞ্চলে ৪৫ হাজার সেনা সমাবেশ করেছে বলে ইউক্রেইন খবর দেয়ার পর নেটো বলেছে, পূর্ব ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন চালানোর সমূহ সম্ভাবনা আছে। ওই অঞ্চলে কিয়েভ বাহিনী রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে লড়াইয়ে অগ্রসর হচ্ছে।

রুশপন্থি বিদ্রোহীদের উচ্ছেদে ইউক্রেইন সেনাবাহিনীর অভিযান শুরুর পর প্রায় ১,৫০০ মানুষ নিহত হয়েছে পূর্ব ইউক্রেইনে।