আল্পসে ফ্রান্সের ৬ পর্বতারোহীর মৃত্যু
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আল্পস পর্বতে দেশটির ৬ পর্বতারোহীকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
নিহতদের মধ্যে ৫ জন পর্বতারোহী ও তাদের গাইড রয়েছেন।
তাদের সবার বয়স ২৭ থেকে ৪৫ বছরের মধ্যে বলে বিবিসি জানিয়েছে।
দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মঙ্গলবার এই পর্বতারোহীরা নিখোঁজ হয়ে গিয়েছিলেন।
উদ্ধারকারী দল পাঠানোর পর মন্ট ব্লান্স রেঞ্জে তাদের মৃতদেহগুলো পাওয়া যায়।
ঘটনাস্থলের পরিস্থিতি ও প্রাথমিক অনুসন্ধানে ২৫০ মিটার উঁচু থেকে পড়ে গিয়ে পুরো দলটি তাৎক্ষণিকভাবে মৃত্যুর মুখে ঢলে পড়ে বলে ফরাসি উদ্ধারকর্মীরা জানিয়েছেন।
তবে এখনো পর্যন্ত পর্বতারোহীদের পরিচয় নিশ্চিত করা হয়নি।
আইন কর্মকর্তা আগনেস রবিন বলেছেন, পর্বতারোহীরা দুই সপ্তাহের প্রশিক্ষণ নিয়েছিলেন। এদের মাঝে নবিশ কেউ ছিলেন না।
বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য তদন্ত চলছে। তবে রবিন জানিয়েছেন, এ ব্যাপারে চূড়ান্ত উপসংহার টানার সময় এখনো আসেনি।
প্রতিবছর হাজার হাজার পর্বতারোহী মন্ট ব্লান্স রেঞ্জ দিয়ে বিভিন্ন চূড়ায় ওঠার চেষ্টা চালান।
প্রতিবছর এই অঞ্চলে পাহাড়ে উঠতে গিয়ে গড়ে ৫৯ জন মানুষ মৃত্যুবরণ করেন।
এর আগে জুলাই মাসের মাঝামাঝি থেকে বেলজিয়ামের দুই নাগরিক, ফিনল্যান্ডের দুইজন এবং দুইজন আইরিশ নাগরিক এই পাহাড়ে উঠতে গিয়ে মারা যান। জার্মানি ও ফ্রান্সের পর্বতারোহীও এই সময় মৃত্যুবরণ করেছেন।
