২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিমান দুর্ঘটনায় নিহত ব্রাজিলের প্রেসিডেন্ট প্রার্থী

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী এদোয়ার্দো ক্যাম্পোস বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 11:38 PM

Updated : 13 Oct 2022, 12:26 PM

ক্যাম্পোসের দল ‘ব্রাজিলিয়ান স্যোশালিস্ট পার্টি’র (পিএসবি) এক সদস্য বিবিসি’কে তার নিহত হওয়ার খবর জানিয়েছেন। ক্যাম্পোসের মৃত্যুতে ব্রাজিলে অনিশ্চয়তার মুখে পড়ল অক্টোবরের আসন্ন নির্বাচন।

এদোয়ার্দো ক্যাম্পোসকে বহনকারী বিমানটি খারাপ আবহাওয়ার মধ্যে দেশটির স্যান্তোস বন্দরনগরীর একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়। সাও পাওলো শহর থেকে ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ওই শহরটি অবস্থিত।

প্রেসিডেন্ট নির্বাচনে তার রানিংমেট মারিনা সিলভা ট্যুইটারে দুর্ঘটনায় ক্যাম্পোসের মৃত্যুর কথা নিশ্চিত করেন।

যে বিমানটি দুর্ঘটনায় পড়েছে তাতে নিয়মিতই চড়তেন ক্যাম্পোস। দুর্ঘটনার শিকার হয়েছেন আরো ১০ জন। তবে তাদের মধ্যে কেউ মারা গেছে কিনা তা জানা যায়নি।

স্থানীয়রা জানিয়েছে, দুর্ঘটনার সময় আকাশ বেশ মেঘলা ছিল এবং বৃষ্টি হচ্ছিল।