২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি কুর্দিদের অস্ত্র দিচ্ছে ফ্রান্স

সুন্নি জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট বা আইএসকে ঠেকাতে ইরাকের কুর্দিদেরকে অস্ত্র দেবে ফ্রান্স।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2014, 06:12 PM

Updated : 22 Aug 2022, 06:53 PM

বুধবার ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওঁলাদ কুর্দি পেশমেরগা যোদ্ধাদের অস্ত্র সরবরাহের অনুমোদন দিয়েছেন বলে বিবিসি’র প্রতিবেদনে জানানো হয়।

বাগদাদ কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই সেখানে অস্ত্র দেয়ার সিদ্ধান্ত হয়েছে বলে ফ্রান্সের গণমাধ্যমের খবরে উল্লেখ করা হয়েছে।

ইসলামিক স্টেট জঙ্গিদের দখলে যাওয়া কুর্দি সংখ্যাগরিষ্ঠ উত্তর ইরাকের এলাকাগুলো পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছে পেশমেরগা বাহিনী। দুই মাস আগে স্বায়ত্ত্বশাসিত কুর্দি প্রশাসন ও ইরাকের মালিকি প্রশাসনের কাছ থেকে এলাকাগুলোর দখল নিয়েছিল জঙ্গিরা।

দখলকৃত এলাকায় ‘ইসলামিক খেলাফত’ নাম দিয়ে স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে আল-কায়েদা থেকে বেরিয়ে যাওয়া ইসলামি চরমপন্থি আইএস, যারা আগে ‘ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া’ বা আইএসআইএস নামে পরিচিত ছিল।

ইতোমধ্যেই স্বঘোষিত রাষ্ট্রে আইএস জঙ্গিরা ভিন্ন মতাবলম্বীদের উচ্ছেদ, ইয়াজিদি, কুর্দি, খ্রিস্টান ও অন্যান্য আদিবাসীদের ওপর নির্যাতন চালিয়িছে। তাদের যুদ্ধাপরাধের বিষয়টি খতিয়ে দেখার উদ্যোগ নিচ্ছে জাতিসংঘ।

আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইরত কুর্দি পেশমেরগা বাহিনীকে ইতোমধ্যেই অস্ত্র দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের ১৩০ জন সামরিক বিশেষজ্ঞ আইএস বিরোধী অভিযানের পরামর্শ দিতে এখন কুর্দিস্তানে অবস্থান করছেন।

কুর্দিস্তানের আঞ্চলিক প্রশাসনের আবেদনের প্রেক্ষিতে সেখানে অস্ত্র দেয়া হবে বলে ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর থেকে জানানো হয়েছে।

উত্তর ইরাকের সিনজার পাহাড়ে আটকা পড়া হাজার হাজার ইয়াজিদিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে মানবাধিকার কর্মীরা। ইতোমধ্যে কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে।