ইরাকের নতুন প্রধানমন্ত্রীর বাড়ির কাছে বোমা হামলা
ইরাকের নতুন প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি’র বাসভবনে যাওয়ার পথে একটি তল্লাশি চৌকিতে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়েছে।
মঙ্গলবারের এ হামলায় আত্মঘাতী ছাড়া অপর কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
পুলিশের একটি সূত্র জানিয়েছেন, “প্রধানমন্ত্রীর বাসভবনে যাওয়ার পথে একটি তল্লাশি চৌকিতে এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দেন।”
ঘটনার বিষয়ে যোগাযোগ করা হলেও আবাদির দপ্তরের কোনো কর্মকর্তাকে তাৎক্ষণিকভবে এ বিষয়ে কথা বলার জন্য পাওয়া যায়নি।
দপ্তরের এক কর্মকর্তা বলেছেন, “আমরা এখন মিটিংয়ে আছি।”
মধ্যপন্থী শিয়া হিসেবে পরিচিত আবাদিকে ইরাকের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট।
পূর্ববর্তী প্রধানমন্ত্রী নুরি আল মালিকিকে একজন সাম্প্রদায়িক ও স্বৈরাচারি শাসক হিসেবে বিবেচনা করেন অনেকে।
ইরাকি সুন্নিদের রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করে বিদ্রোহের দিকে ঠেলে দেয়ার জন্য মালিকিকে ব্যাপকভাবে দায়ী করা হয়।
বিদ্রোহী সুন্নি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ইরাকের উত্তর ও পশ্চিমাঞ্চলের বিশাল এলাকা দখল করে রাষ্ট্রের অস্তিত্ত্বকে বিপন্ন করে তুলেছে। রাজধানী বাগদাদের দিকেও এগিয়ে আসছিল তারা।
আইএস’র অগ্রযাত্রা থামাতে তাদের অবস্থানের উপর বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।
এই পরিস্থিতে ইরাকের সুন্নি, কুর্দি ও কিছু শিয়া নেতাসহ প্রতিবেশী ইরান ও সাদ্দাম হোসেনকে ক্ষমতাচ্যুত করে মালিকিকে ক্ষমতায় বসানো যুক্তরাষ্ট্রও ক্ষমতা হস্তান্তরের জন্য মালিকির ওপর চাপ সৃষ্টি করে।
মধ্যপন্থী আবাদি ইরাককে ঐক্যবদ্ধ করে আইএস’র হুমকি মোকাবিলা করতে পারবেন বলে মনে করছে পক্ষগুলো।
প্রেসিডেন্ট কর্তৃক প্রধানমন্ত্রী হিসেবে আবাদির নিয়োগের সমালোচনা করেন মালিকি।
একদিকে বাগদাদের রাস্তায় নিরাপত্তা বাহিনী মোতায়েন করেন অপরদিকে “সমস্যা মিটিয়ে ফেলবেন” বলে হুমকি দেন। এতে ক্ষমতা নিয়ে বাগদাদে লড়াই শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়।
কিন্তু পরে নিরাপত্তা বাহিনীকে রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানান তিনি। এতে মনে করা হচ্ছে, ক্ষমতা থেকে সরে যাচ্ছেন মালিকি।
