দ্বিপাক্ষিক সহযোগিতা বাড়াবে পুতিন-সিসি
রাশিয়ার কৃষ্ণসাগর তীরবর্তী অবকাশ কেন্দ্র সোচিতে এক বৈঠকের পর দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি।
মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে মিশরের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এমইএনএ।
দ্বিপক্ষীয় এ বৈঠকে দুদেশের অর্থনীতিকে গতিশীল করার বিষয়টি প্রাধান্য পায়। এছাড়া গাজা পরিস্থিতি ও সিরিয়া, ইরাক ও লিবিয়ার মতো আঞ্চলিক এবং আন্তর্জাতিক ইস্যু নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বৈঠকের পর এক বিবৃতিতে সিসি বলেন, মিশর-রাশিয়ার সম্পর্ক এমন একটি বিষয় যা তারা উভয়েই এগিয়ে নিতে চান বলে বিশ্বাস করেন তিনি।
তিনি বলেন, “৩০ জুনের বিপ্লবের পর মিশরীয় জনগণের সম্মতিতে নেয়া গুরুত্বপূর্ণ রোডম্যাপ বাস্তবায়নে কাজ করছে মিশর। সময় বিবেচনায় সফরটি তাই গুরুত্বপূর্ণ।”
পুতিন বলেছেন, মিশরে একটি মুক্ত বাণিজ্যাঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, “চলতি বছর রাশিয়া মিশরে ৫৫ লাখ টন গম সরবরাহ করবে।”
“মিশর ইতোমধ্যেই আমাদের বাজারে সরবরাহ (কৃষিপণ্য) ৩০ শতাংশ বাড়িয়েছে এবং নিকট ভবিষ্যতে আরো ৩০ শতাংশ বাড়াতে প্রস্তুত আছে।”
দেশদুটি জ্বালানি খাতেও সহযোগিতা বৃদ্ধি করছে। পুতিন জোর দিয়ে বলেন, রাশিয়া ও মিশর জ্বালানি তেলের ক্ষেত্রে প্রধান দুই পক্ষ এবং রাশিয়ার জ্বালানি কোম্পানি মিশরের বাজারে কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছে।
মিশরীয় বাজারের বিষয়ে রাশিয়ার অন্যান্য কোম্পানিগুলোও আগ্রহী উল্লেখ করে পুতিন বলেন, বিশেষ করে নিউক্লিয়ার জ্বালানির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে।
দুই নেতা ফিলিস্তিনের গাজা পরিস্থিতি এবং সিরিয়া, ইরাক ও লিবিয়ার সমস্যার সম্ভাব্য সমাধান নিয়েও আলোচনা করেন।
এ বিষয়ে সিসি বলেন, “লিবিয়ায় আন্তর্জাতিক হস্তক্ষেপের বিরুদ্ধে মিশরের দৃষ্টিভঙ্গীর সঙ্গে প্রায় একই দৃষ্টিভঙ্গী পোষণ করে রাশিয়া।”
পর্যটনের ক্ষেত্রে মস্কোর সহযোগিতা মিশরের অর্থনীতিকে স্থিতিশীল হতে সহায়তা করবে বলে আশা প্রকাশ করেন সিসি।
এটি নিয়ে দ্বিতীয়বারের মতো পুতিনের সঙ্গে বৈঠক করলেন সিসি।
এর আগে জানুয়ারিতে আর একবার বৈঠকে মিলিত হয়েছিলেন এই দুই নেতা।
