ভূমিকম্পে ইকুয়েডরের রাজধানীতে নিহত ২
ইকুয়েডরের রাজধানী কুইটোর কাছে মাঝারি ধরনের একটি ভূমিকম্পের ফলে ভূমিধসে দুইজন নিহত হয়েছেন।
মঙ্গলবার ৫ দশমিক এক মাত্রার ওই ভূমিকম্পে আরো আটজন আহত হয়েছেন।
ভূমিধসে আরো কয়েকজন আটকা পড়েছেন এবং তাদের উদ্ধারের চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।
দেশটির জাতীয় ঝুঁকি নিয়ন্ত্রণ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পে কুইটোর একটি উন্মুক্ত খনিতে ভূমিধসের ঘটনা ঘটে। এতে সেখানে কর্মরত দুই শ্রমিক নিহত ও অপর তিনজন নিখোঁজ হন।
নিখোঁজ শ্রমিকরা ভূমিধসে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের খোঁজে উদ্ধারকারীরা তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
দেশটির বন্দর শহর গুয়াকিল থেকে প্রেসিডেন্ট রাফায়েল কোরেয়া বলেছেন, “ভূমিকম্পের কারণেই ভূমিধস হয়েছে, কিন্তু অবৈধ খনন কাজ চালিয়ে যাওয়ার জন্য ওই খনিটি এমনিতেই ঝুঁকির মুখে ছিল, সেখানে নিয়ম মেনে কাজ চালানো হচ্ছিল না।”
অপরদিকে কুইটোর মেয়র দাবী করেছেন, ভূমিধসে মাত্র একজন নিহত হয়েছেন এবং শহরের আরেক অংশে মাথায় চালের বস্তা পড়ে চার বছরের একটি শিশু নিহত হয়েছেন।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, মাঝারি মানের এই ভূমিকম্পটির উৎপত্তি ভূগর্ভের মাত্র ৭ দশমিক ৭ কিমি গভীরে এবং ভূমিকম্পটির উপকেন্দ্র ছিল কুইটোর ২৪ কিমি উত্তরপূর্বে।
