ইবোলার চিকিৎসায় পরীক্ষামূলক ওষুধ পাচ্ছে লাইবেরিয়া
প্রাণঘাতী ইবোলা সংক্রমণে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসায় পরীক্ষমূলক একটি ওষুধ পেতে যাচ্ছে লাইবেরিয়া। অপরীক্ষিত এই ওষুধটির নাম জেডম্যাপ।
মঙ্গলবার লাইবেরিয়ার সরকারের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
লাইবেরীয় সরকার জানিয়েছে, দেশটির প্রেসিডেন্ট ইলেন জনসন সার্লিফের অনুরোধে যুক্তরাষ্ট্র ওষুধগুলো পাঠাচ্ছে।
এ ধরনের নতুন চিকিৎসার বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করতে জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আয়োজিত চিকিৎসা নীতি বিশেষজ্ঞদের এক বৈঠক চলা অবস্থায় খবরটি আসে।
পশ্চিম আফ্রিকায় ইবোলার সংক্রমণে এ পর্যন্ত ১০১৩ জন আক্রান্তের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ডব্লিউএইচও।
যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, লাইবেরীয় কর্মকর্তাদের সঙ্গে জেডম্যাপ ওষুধের প্রস্তুতকারী কোম্পানি ম্যাপ বায়োফার্মাসিউটিক্যালের যোগাযোগ করিয়ে দেয়ার ক্ষেত্রে শুধু মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছেন তারা।
সম্প্রতি আফ্রিকা থেকে ইবোলা আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ফিরে আসা দু’জন ত্রাণকর্মী নাগরিকের চিকিৎসায় জেডম্যাপ ব্যবহার করা হচ্ছে। ওষুধটি ব্যবহারের পর থেকে তাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।
তবে লাইবেরিয়ায় ইবোলা আক্রান্ত এক রোমান ক্যাথলিক যাজককেও স্পেনের মাদ্রিদের এক হাসপাতালে জেডম্যাপ দিয়ে চিকিৎসা করার পর তার অবস্থার উন্নতি হচ্ছে বলা হলেও, তিনি মঙ্গলবার মারা যান।
এরআগে শুধু বানরের ওপর ওষুধটি প্রয়োগ করা হয়েছিল। মানুষের ক্ষেত্রে ওষুধটির ব্যবহার সম্পূর্ণ নিরাপদ এমন কোনো নিশ্চয়তা এখনো পাওয়া যায়নি।
ম্যাপ ফার্মাসিউটিক্যালস জানিয়েছে, পশ্চিম আফ্রিকায় পাঠানোর পর তাদের হাতে সরবরাহ করার মতো আর ওষুধ নেই।
সব ক্ষেত্রেই ওষুধটি “বিনামূল্যে” দেয়া হয়েছে বলে জানিয়েছে কোম্পানিটি।
পরীক্ষামূলক ওষুধের এ ধরনের ব্যবহারের ওপর আয়োজন করা ডব্লিউএইচও’র জরুরি বৈঠকটির ফলাফল মঙ্গলবারই জানানোর কথা রয়েছে।
