২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাগদাদে বিশেষ বাহিনী মোতায়েন

বাগদাদের বিভিন্ন এলাকায় রোববার রাত থেকে মোতায়েন হয়েছে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির অনুগত বিশেষ বাহিনী।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 06:38 PM

Updated : 22 Aug 2022, 06:52 PM

মালিকি চাপের মুখে তৃতীয় মেয়াদে ক্ষমতা ছেড়ে দেবেন না বলে এক ভাষণে স্পষ্ট ইঙ্গিত দেয়ার পর এ বাহিনী মোতায়েন হল বলে জানিয়েছে পুলিশের কয়েকটি সূত্র।

পুলিশ জানায়, মালিকিপন্থি শিয়া মিলিশিয়ারা রাজধানীতে টহল জোরদার করেছে। এক প্রত্যক্ষদর্শী জানায়, বাগদাদের গ্রিন জোনের প্রবেশপথে একটি ট্যাংক দাঁড় করিয়ে রাখা আছে। ওই এলাকায় রয়েছে বিভিন্ন সরকারি ভবন।

রাষ্ট্রীয় টিভিতে এক বক্তব্যে মালিকি কুর্দি প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, “মাসুম সময়সীমার মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক ব্লককে একটি প্রধানমন্ত্রী মনোনীত করা এবং সরকার গড়ার জন্য তাকে অনুরোধ না জানিয়ে সংবিধান লঙ্ঘন করেছেন”।

মাসুমের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘণের অভিযোগ দায়ের করারও হুঁশিয়ারি দেন মালিকি। বিবিসি ইরাকের রাষ্ট্রীয় টিভির খবর দিয়ে জানায়, শীর্ষ আদালত মালিকির ব্লককেই পার্লামেন্টে সবচে বড় দল বলে রায় দিয়েছে। এতে করে মালিকির তৃতীয় মেয়াদে ক্ষমতা ধরে রাখার চেষ্টা আরো পাকাপোক্ত হবে বলেই মনে করা হচ্ছে।

ইরাকের উত্তরাঞ্চলে জিহাদি জঙ্গি তৎপরতার মুখে মালিকি পদত্যাগের চাপে আছেন। কিন্তু আদালতের দেয়া রায়ের ফলে প্রেসিডেন্টকে মালিকিকে ক্ষমতায় থাকতে বলতে হতে পারে।

সমালোচকরা বলছেন, মালিকির সুন্নিদেরকে কোণঠাসা করে রাখার মতো নীতির কারণে দেশে জঙ্গি তৎপরতা বাড়ছে। এতে ক্ষুব্ধ হয়ে সুন্নি কুর্দি এমনকি শিয়ারাও তার পদত্যাগ চাইছে।

যুক্তরাষ্ট্রও মালিকিকে নিয়ে নারাজ। তিনি তার অনুগত শিয়া রাজনীতিবিদদেরকে সেনাবাহিনী থেকে শুরু করে বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিচ্ছেন।

যুক্তরাষ্ট্র সবার অংশগ্রহণে ইরাকে একটি সরকার গঠনের আহ্বান জানিয়ে আসলেও মালিকি তার অবস্থানেই অটল রয়েছেন।

আর এখন বাগদাদে নজিরবিহীনভাবে মোতায়েন হয়েছে সেনা কমান্ডো এবং বিশেষ অভিজাত বাহিনী। বিশেষ করে গ্রিন জোনের কাছের এলাকাগুলো এবং বাগদাদের প্রবেশপথগুলোতে। এই বাহিনী এখন বাগদাদের বিভিন্ন এলাকার নিরাপত্তা রক্ষার পূর্ণ দায়িত্ব নিচ্ছে।