‘ভারতরত্ন পাচ্ছেন সুভাষ বোস, বাজপেয়ি’
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা নেতাজি সুভাষ চন্দ্র বোস ও ভারতের বিজেপি দলীয় সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়িকে চলতি বছর ভারতের সর্বোচ্চ বেসামরিক পদক ভারতরত্ন দেয়া হতে পারে।
রোববার ভারতের সরকারি কর্মকর্তাদের সূ্ত্রে এ খবর জানা গেছে।
এরআগে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতারা বাজপেয়িকে ভারতরত্ন দেয়ার দাবি জানিয়েছিলেন।
১৫ অগাস্ট ভারতের স্বাধীনতা দিবসের ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পুরস্কারের বিষয়টি ঘোষণা করতে পারেন বলে আইএএনএস জানিয়েছে।
পদকটি নেতাজি সুভাষ বসুকেও দেয়া হতে পারে এমনটি বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল।
এক বছরে সর্বোচ্চ তিনজনকে ‘ভারতরত্ন’ খেতাব দেয়া যায়।
তবে এত দেরিতে সুভাষ বসুকে এ খেতাব দেয়া নিয়ে কোনো কোনো মহল আপত্তি জানিয়েছে।
সুভাষ বসুর ভাইয়ের ঘরের নাতি সুগাতা বসু বলেছেন, ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ করা নেতাজির ভাবমূর্তি ভারতরত্নের চাইতে বেশি এবং তাকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।
তিনি প্রশ্ন রেখে বলেন, “কীভাবে রাজিব গান্ধির পরে নেতাজিকে ভারতরত্ন দেয়া হবে।”
ভারতের প্রধানমন্ত্রীর পরামর্শে দেশটির রাষ্ট্রপতি ‘ভারতরত্ন’ খেতাবের জন্য মনোনয়ন চূড়ান্ত করেন।
