২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে: স্মৃতি ইরানি

শিক্ষাগত যোগ্যতা নিয়ে সমালোচনার জবাবে যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আছে বলে জানিয়েছেন ভারতের শিক্ষামন্ত্রী (এইচআরডি) স্মৃতি ইরানি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2014, 12:39 AM

Updated : 19 Sep 2026, 02:19 PM

শনিবার ‘ইন্ডিয়া টুডে’র এক অনুষ্ঠানে নিজের সম্পর্কে এ তথ্য দেন তিনি। ভারতের ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’ এ খবরে জানিয়েছে।

মে মাসের লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জয়লাভের পর স্মৃতি ইরানিকে (৩৮) নতুন সরকারের মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী করা হয়, যার অধীনে শিক্ষা বিভাগের কার্যক্রম পরিচালিত হয়।

তবে স্বয়ং মন্ত্রীরই উচ্চ শিক্ষার ডিগ্রি নেই বলে শোরগোল তোলে ক্ষমতা হারানো কংগ্রেসসহ আরো অন্যান্য প্রতিদ্বন্দ্বী রাজনীতিক দলের নেতারা।

“সমালোচনাকারীরা আমাকে ‘অশিক্ষিত’ বলে। অথচ যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়ের একটি ডিগ্রি আছে আমার। সেই সনদ দেখাতে পারি, যেখানে ইয়েলও আমার নেতৃত্ব গুণ নিঢেয় কত প্রশংসা করেছে”।

“মূল কাজ থেকে আমার দৃষ্টি অন্য দিকে ফেরানোর জন্য এধরনের অপ্রাসঙ্গিক পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করা হয়েছে,” বলেন ইরানি।

ইয়েল ইউনিভার্সিটি থেকে কি ধরনের ডিগ্রি পেয়েছেন তা পরিষ্কার করেননি স্মৃতি ইরানি। তবে ওই ভার্সিটিতে ভারতীয় এমপি’দের একটি প্রতিনিধি দলের হয়ে সংক্ষিপ্ত কিছু কোর্স করেছিলেন তিনি।

২০০৪ সালের নির্বাচনী হলফনামায় দিল্লি বিশ্ববিদ্যালয় (উন্মুক্ত বিভাগ) থেকে বিএ পাশ করার তথ্য দেন স্মৃতি ইরানি। সেবার দিল্লির চাঁদনী চক থেকে নির্বাচন করেছিলেন তিনি।

তবে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের হলফনামায় একই প্রতিষ্ঠান থেকে বি.কম প্রথম পর্ব পাস বলে উল্লেখ করেন ইরানি।

এরপর এখন ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রির কথা বলার পর কংগ্রেসের প্রশ্ন, এ কথাটি তিনি নির্বাচনী হলফনামায় বলেননি কেন?

কংগ্রেসের এক মুখপাত্র এ নিয়ে তাকে ব্যঙ্গ করে একটি টুইটে লেখেন, “আমাদের এইচআরডি মন্ত্রী ওইসময় তার হলফনামায় ইয়েল ডিগ্রির কথা বলতে ভুলে গেছেন। কিন্তু তার সব হলফনামাতেই ভিন্ন ভিন্ন ডিগ্রির কথা আছে”।

তিনি আরো বলেন, “আমি আবারো বলছি, এটি একজন মন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয়তার ব্যাপার নয়। এটি হচ্ছে তার সততা, সত্যবাদিতার ব্যাপার”।

ইরানির নির্বাচনী হলফনামায় ওই বিভ্রান্তি নিয়ে প্রশ্ন করা হলে তিনি এর উত্তর এড়িয়ে যান এবং এর জবাব পেতে জনস্বার্থে আদালতে মামলা করার পরামর্শ দেন।

প্লিজ, আদালতে গিয়ে একটা পিআইএল দাখিল করুন। এ বিষয়ে আদলতে গিয়েই আমি আপনার ও অন্যদের প্রশ্নের উত্তর দেব, বলেন ইরানি।