২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকি জঙ্গিদের ঠেকাতে সময় লাগবে: ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্র বিমান হামলা চালিয়ে ইসলামিক স্টেট জঙ্গিদের অস্ত্র ধ্বংস করেছে। যে অস্ত্র কুর্দিদের ওপর ব্যবহার হতে পারত, তবে ইরাক ভেঙে পড়ার হুমকির সঙ্কট কাটাতে এখনো সময় লাগবে বলে সতর্ক করেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2014, 05:25 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

ইরাকে জঙ্গিদের ওপর হামলার পরদিন ওবামা বলেন, ইরাকে বোমা হামলার চেয়েও স্থিতিশীলতা ফেরানোয় বেশি সময় লাগবে। তিনি সুন্নিদের ক্ষমতায়ন করতে ব্যর্থতার জন্য প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সমালোচনা করেন।

ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে ওবামা বলেন, “কয়েকসপ্তাহে এ সমস্যা সমাধান হবে বলে আমি মনে করি না। এতে কিছুটা সময় লাগবে”।

ইরাকের উত্তরাঞ্চলে গত জুন থেকে ব্যাপক এলাকা দখল করে নিয়েছে ইসলামিক স্টেট জঙ্গিরা। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী জানায়, তারা সুন্নি এ মুসলিম জঙ্গিদের ওপর রোববার নতুন করে তৃতীয় দফা বিমান হামলা চালিয়েছে।

যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) ও জঙ্গি বিমানগুলো জঙ্গিদের কবলে আটকা পড়া মাউন্ট সিনজারের ইয়াজিদি এলাকায় সশস্ত্র যান ধ্বংস করেছে।

ইরাকে ইসলামিক স্টেট জঙ্গিদের অগ্রযাত্রা রোধে যুক্তরাষ্ট্র গত সপ্তাহে তাদের ওপর বিমান হামলার অনুমতি দেয়।

ইরাক সঙ্কট নিয়ে আলোচনার জন্য ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ল্যরা ফ্যাবিউস রোববার সকালে দেশটিতে সফরে গেছেন। সিনজার অঞ্চলে উদ্বাস্তু হওয়া মানুষদেরকে ফ্রান্সের প্রথম ত্রাণ সরবরাহ কর্মসূচি তদারক করবেন তিনি। পরে তিনি গোলযোগপূর্ণ কুর্দি শহর ইরবিল পরিদর্শনেও যাবেন।

ইরবিল শহরটিও জিহাদি জঙ্গিদের হুমকির মুখে রয়েছে। ইরাকের উত্তরাঞ্চলে জঙ্গিদের অগ্রাভিযানে সংখ্যালঘু সম্প্রদায়গুলোর লাখ লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে।

এর আগে আইএসআইএল নামে পরিচিত আইএস ইরাকের বৃহত্তম বাঁধেরও দখল নিয়েছে।

২০১১ সালে ইরাক থেকে সেনা প্রত্যাহারের পর দেশটিতে চালানো এই বিমান হামলাগুলোই যুক্তরাষ্ট্রের সরাসরি প্র্রথম সামরিক পদক্ষেপ।

আইএস’ এর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলা গোষ্ঠীটির কার্যকলাপের ভিত্তিতে চালানো হবে এবং এর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো সময় নির্দিষ্ট করে দেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস।

প্রাথমিকভাবে আইএস জঙ্গিদের ইরবিল অভিমুখে অগ্রসর হওয়া ঠেকানোই তাদের লক্ষ্য বলে জানান মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

ইরাকি জঙ্গিদের দমনের ঘোষণা ওবামার